Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

পদদলিত করতে ডাকসু ভবনের সামনে জিন্নাহ ও গোলাম আযমের ছবি

Advertisement

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শন নিয়ে বিতর্কের মধ্যেই ডাকসু ভবনের সামনে জিন্নাহ ও জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছবি মেঝেতে সাঁটিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ছবিগুলোর ওপর দিয়ে হেঁটে প্রতিবাদ জানিয়েছেন কয়েকজন শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কয়েকজন কর্মী ছবি দুটি সাঁটিয়ে দেন।

কর্মসূচি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী শিব্বির আহমেদ বলেন, ‘ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক, যার ইশতেহারে ছিল মুক্তিযুদ্ধকে তুলে ধরা, তিনিই একজন পাকিস্তানপন্থিকে ডাকসু সংগ্রহশালায় দেয়ালের মধ্যে সম্মানের সঙ্গে তার ছবি লাগাতে চেয়েছেন। ক্ষমতা দেখিয়ে তিনি এটা করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদের ক্ষমতা দিয়ে এবং বাংলাদেশপন্থিদের ক্ষমতা দিয়ে গোলাম আযম এবং জিন্নাহর ছবি-পাকিস্তানপন্থিদের ছবি পায়ের নিচে লাগালাম এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বাংলাদেশে কোনো পাকিস্তানপন্থির রাজনীতি সামনে আনা যাবে না।’

শিব্বির আহমেদ বলেন, ‘আমরা দেখেছি বিগত দিনে শেখ মুজিবের ছবি দিয়ে রাজনীতি পরিচালনা করা হতো। এখানে স্পষ্ট যে, শেখ মুজিবের ছবির রিপ্লেসমেন্ট হিসাবে তারা জিন্নাহ এবং গোলাম আযমের ছবি আনতে চেয়েছে।’

এর আগে সংস্কার শেষে নতুনভাবে চালু হওয়া ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা জিন্নাহ ও তৎকালীন ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের ছবি প্রদর্শন করা হলে ক্যাম্পাসে সমালোচনা শুরু হয়।

সোমবার দুপুরে সংগ্রহশালায় ঢুকে জিন্নাহর ছবির ফ্রেম ভাঙচুর ও ছবি ছিঁড়ে ফেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার। তিনি ২০২৫ সালের ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

একই দিন বিকালে জিন্নাহর ছবির জায়গায় গোলাম আযমকে জুতাপেটার একটি ছবি সাঁটিয়ে দেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়া।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম