প্রকল্প বাস্তবায়নে অহেতুক বিলম্ব গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
Advertisement
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রকল্প বাস্তবায়নে অহেতুক বিলম্ব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ এতে প্রত্যক্ষভাবে প্রকল্পের ব্যয় বৃদ্ধি পায়। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলতি ২০২৬-২০২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এ মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন চলমান ও ‘সবুজ পাতায়’ অন্তর্ভুক্ত অননুমোদিত প্রকল্পগুলোর পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এতে তিনি প্রকল্প বাস্তবায়নে গতি বৃদ্ধি, দ্রুত সমাপ্তি এবং সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশ দেন। সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধীনস্থ ১০টি দপ্তর ও সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন। সভায় মন্ত্রী প্রতিটি প্রকল্পে সময়ভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে মেয়াদের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন। পাশাপাশি নতুন ও সংশোধিত প্রকল্পগুলোর ‘ডিপিপি’ দ্রুত প্রণয়নের তাগিদ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদর দপ্তর নির্মাণসহ সব সাধারণ অবকাঠামোগত কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার নির্দেশনা দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের কঠোর প্রয়োগ ও কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, প্রতি জেলায় ডগ স্কোয়াড গঠন, ডোপ টেস্ট সুবিধা জোরদার, হাজতখানা ও মালখানা সংস্কার এবং জেলা পর্যায়ে আধুনিক ফরেনসিক ল্যাব ও ডিজিটাল ফরেনসিক অবকাঠামো স্থাপনসংক্রান্ত প্রকল্পগুলো সুনির্দিষ্ট সময়সূচি ধরে দ্রুত বাস্তবায়ন করতে হবে।
দেশের গ্রামীণ এলাকার থানাগুলোকে মানসম্মত মডেল থানায় রূপান্তরের জন্য একটি সুনির্দিষ্ট ‘প্রটোটাইপ ডিজাইন’ অনুসরণের নির্দেশ দেওয়া হয়। সভায় আইনশৃঙ্খলা বাহিনীর লজিস্টিকস ও যানবাহন সংকট নিরসনে সমন্বিত উদ্যোগের কথা জানানো হয়।
সভায় উপস্থিত পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সরকারি প্রকল্পের সর্বোচ্চ সুফল নিশ্চিত এবং কাজের দ্বৈধতা এড়াতে পৃথক প্রকল্পের পরিবর্তে ‘ক্লাস্টার অ্যাপ্রোচ’ গ্রহণের আহ্বান জানান। চলতি অর্থবছরে ‘জনশৃঙ্খলা ও সুরক্ষা’ খাতের উন্নয়নে এডিপিতে মোট দুই হাজার ৬৬২.০৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
মন্ত্রী জানান, শান্তিপূর্ণ দেশ গড়ার ভিশন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসাবে বিএনপির ‘নির্বাচনি ইশতেহার ২০২৬’-এর অঙ্গীকারের আলোকে মন্ত্রণালয়ের আওতাধীন ২৬টি প্রতিশ্রুতির ম্যাপিং সম্পন্ন হয়েছে।
এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ : এদিন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার আমিনবাজারে সন্ত্রাসীদের হামলায় নিহত স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এসআই (নিরস্ত্র) আলতাফ হোসেনের হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। দুপুরে সচিবালয়ে নিহতের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করতে এলে মন্ত্রী পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশ দেন
