Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

রেলওয়ে স্টেশনে ট্রেনে আগুনের ঘটনায় মামলা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ট্রেনে আগুনের ঘটনায় অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা করেছে রেলওয়ে থানা পুলিশ। সোমবার কমলাপুরস্থ ঢাকা রেলওয়ে থানার পক্ষ থেকে মামলাটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন। এছাড়াও আগুনের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ রেলওয়ে।

রোববার রাত ৯টার দিকে কমলাপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ‘হাওড় এক্সপ্রেস’ ট্রেনের একটি বগিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই সময় খবর ছড়িয়ে পড়ে, কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্তরা দাঁড়িয়ে থাকা ট্রেনটিতে আগুন দিয়েছে। আগুনের ঘটনার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

নাশকতায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে-রেলপথ প্রতিমন্ত্রী : রেলপথে নাশকতা ঠেকাতে স্টেশন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। নাশকতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। রোববার রাতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। ট্রেনের কোচে আগুন দেওয়ার ঘটনার পর রাতেই কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন রেলপথ প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ককটেল বিস্ফোরণ ঘটনায় ছাত্রলীগ নেতা-পুলিশ : ১৯ সেপ্টেম্বর কমলাপুর রেলস্টেশন ও ১৫ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন কমলাপুর রেলস্টেশনে এবং একজন সুপ্রিমকোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত বলে দাবি করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন-মোহাম্মদ সাখাওয়াত হোসেন রায়হান, মোহাম্মদ সানমুন ও মো. সালমান ইসলাম সাকিব ওরফে আসিফ।

সোমবার বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কমলাপুরের ঘটনায় মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য জানান।

ডিএমপির মিডিয়া শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপ্রিমকোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সালমান ইসলাম সাকিব ওরফে আসিফকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম