ইসলামী ব্যাংক
চাকুরিচ্যুত কর্মচারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ে স্মারকলিপি দিয়ে শ্রমিকদের অবস্থান কর্মসূচি পালনের চেষ্টা করায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ধাওয়ায় কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা স্মারকলিপি প্রদান করতে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করেন। মিছিলটি সচিবালয়ের পাঁচ নম্বর গেটের সামনে পৌঁছালে সেখানে পুলিশ তাদের বাধা দেয়। তাদের প্রতিনিধিদল সচিবালয়ে স্মারকলিপি প্রদান করে। এ সময় আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জ করে। অন্যদিকে আন্দোলনকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার পরিদর্শক (প্যাট্রোল) মঞ্জুর রাসেল বলেন, আন্দোলনকারীরা সচিবালয়ের সামনে বসে পড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিল। তাদের অনুরোধ করার পরও তারা সেখান থেকে না সরায় পুলিশ তাদের হটিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। তিনি বলেন, তাদের উগ্র লোকজন পুলিশের ওপর চড়াও হলে পুলিশ ধৈর্য ধারণ করেছে বলে জানান তিনি।
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, ঢাকায় চাকরিচ্যুত ব্যাংকারদের লাঠিপেটার প্রতিবাদে পটিয়ায় মহাসড়ক অবরোধ করেছেন ব্যাংকারদের স্বজনরা । এ সময় তারা শান্তিপূর্ণ আন্দোলনরতদের ওপর হামলার প্রতিবাদ ও তাদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার অচল হয়ে পড়ে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বাইপাসের সম্মুখে এ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং প্রায় দুই ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।
