Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

কালীগঞ্জে হামলার শিকার শিবিরের ২০-২৫ সদস্য

Advertisement

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কালীগঞ্জে মসজিদে নামাজ পড়তে গিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অন্তত ২০-২৫ জন সদস্য হামলার শিকার হয়ে আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার বেলা ১টার দিকে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বড়কাউ হরদী বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনার নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও গাজীপুর মহানগরীর নায়েবে আমির খায়রুল হাসান তার ফেসবুকে দেওয়া দীর্ঘ এক পোস্টে উল্লেখ করেছেন-শিবিরের গাজীপুর মহানগরীর মেট্রো সদর থানা শাখার উদ্যোগে ৭০-৭৫ জন শিক্ষার্থী সকালে ৩০০ ফিট এলাকায় নৌভ্রমণে গিয়েছিলেন। দুপুরে হরদী বাজারের একটি মসজিদে জোহরের নামাজ পড়তে গেলে ওজুর পানি খরচ ও ফ্যান ব্যবহারকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন তাদের ওপর লাঠিসোঁটা ও দা-বঁটির মতো ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। হামলায় অন্তত ২০-২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ১০-১২ জনের মাথা ফেটে গেছে ও হাত-পা ভেঙেছে। বাকি প্রায় সবাই মারধরে মাথা, পিঠ, হাত ও পায়ে আঘাত পেয়েছেন। আহতদের মধ্যে ডিভাইন মার্সি হাসপাতাল, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতাল এবং ঢাকার ইবনে সিনা হাসপাতালে পাঠানো হয়েছে।

খায়রুল হাসান ফেসবুক পোস্টে লিখেছেন-ওই শিক্ষার্থীরা কোনো রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন বা অন্য কোনো উদ্দেশ্যে সেখানে যাননি। তারা ভ্রমণে গিয়ে নামাজ আদায়ে মসজিদে গিয়েছিলেন। সফররত অবস্থায় ছাত্ররা এলাকার মেহমান। তাদের সঙ্গে এমন অমানবিক আচরণ পুরো এলাকাবাসীকে কলঙ্কিত করছে।

স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আশা করছি, মেহমানদের সঙ্গে এমন আচরণে এলাকার বিবেকবান লোকেরা লজ্জিত ও দুঃখিত হবেন।’ এলাকাটি তার নির্বাচনি এলাকা উল্লেখ করে খায়রুল হাসান লিখেন, আমার নির্বাচনি এলাকা হওয়ার কারণে আশা করছি, এলাকাবাসী চিহ্নিত অপরাধীদের আটক করে প্রশাসনের কাছে তুলে দিয়ে কলঙ্কের দায় থেকে মুক্ত হবেন। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। এর নেপথ্যে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের অপশক্তি জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম