ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, ভর্তিতে রেকর্ড
চলতি বছরের এখন পর্যন্ত ১৯৫ জনের মৃত্যু হলো
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর রূপ নিচ্ছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বর নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৭২ জন। যা চলতি বছরের এখন পর্যন্ত একদিনের হিসাবে ভর্তির রেকর্ড। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৯৫ জনের মৃত্যু হলো। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৬৫ হাজার ৪৯৯ জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৫৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি এলাকার হাসপাতালে ১৯১ জন ভর্তি হন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্য সব হাসপাতালে ৩৯১ জন ভর্তি হন। বিভাগের মধ্যে বরিশালে ১৯০, চট্টগ্রামে ২৮৫, খুলনায় ৩১৬, ময়মনসিংহে ১০৫, রাজশাহীতে ১৬২, রংপুরে ৬৭ এবং সিলেটে ছয়জন ভর্তি হন।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রমণ-বিষয়ক তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, শুধু আগস্ট মাসেই ডেঙ্গুতে মারা গেছেন ৪৩ জন। এছাড়া চলতি সেপ্টেম্বরে ২১ দিনে ৯৮ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
দেশজুড়ে চলা ডেঙ্গুর সংক্রমণ সম্পর্কে জানতে চাইলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. তাজুল এ বারি যুগান্তরকে বলেন, দুর্বল বা নিষ্ক্রিয়কারী নয় এমন অ্যান্টিবডির কারণে সৃষ্ট এডিই (অ্যাডভার্স ড্রাগ ইফেক্ট)-এর জন্য দ্বিতীয়বার ডেঙ্গু সংক্রমণ বিপজ্জনক। কারণ অ্যান্টিজেন ও অ্যান্টিবডির জটিল বিকাশ ঘটে, যা ডেঙ্গু ভাইরাসের দ্রুত বংশবৃদ্ধিতে সাহায্য করে।
