হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: শামা ওবায়েদ
Advertisement
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চব্বিশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আগের দিন ঢাকায় বে অব বেঙ্গল কনভারসেশন শীর্ষক আয়োজনে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে এক প্রশ্নের জবাব দিচ্ছিলেন তিনি।
শামা ওবায়েদ বলেন, ‘শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়ার বিষয় তো রয়েছে। তবে এর পাশাপাশি ভারত সরকারের রাজনৈতিক সদিচ্ছাও থাকতে হবে। আসামিদের ফেরত আনার জন্য যে প্রত্যর্পণ প্রক্রিয়া চলছে, তা যেন আরও দ্রুত সম্পন্ন হয়-ভারত সরকার সেদিকে নজর দেবে বলে আমরা আশা করি।’
প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে আসামি ফেরত আনা সম্ভব কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘অবশ্যই। চুক্তি অনুযায়ী আসামিদের ফেরত আনা সম্ভব এবং সেই প্রক্রিয়াই এগিয়ে নেওয়া হচ্ছে।’
যুক্তরাষ্ট্র সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনও নাকচ করেন শামা ওবায়েদ। গুঞ্জন ছিল, ‘প্রধানমন্ত্রী সানফ্রান্সিসকো যাওয়ার পরিকল্পনা করেছিলেন; কিন্তু এফবিআইয়ের মামলা বা ভিসা জটিলতার কারণে যেতে পারেননি।’ শামা ওবায়েদ বলেন, যাচাই না করে এসব কথায় কান দেওয়া ঠিক না। সান ফ্রান্সিসকোতে প্রধানমন্ত্রীর যাওয়ার কোনো পরিকল্পনাই ছিল না।
প্রধানমন্ত্রীর আগামী তুরস্ক সফর প্রসঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সফরের বিস্তারিত পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানাবে।
