Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

হাসপাতাল তদারকির দায়িত্বে ৫৪ কর্মকর্তা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা ও জনসেবার গুণগত মান নিশ্চিত করতে হাসপাতাল পরিদর্শন ও মনিটরিংয়ের দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা। বুধবার স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা অফিস আদেশে অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পর্যায়ের এসব কর্মকর্তাকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশেষায়িত, জেনারেল, জেলা ও উপজেলা হাসপাতাল তদারকির দায়িত্ব দেওয়া হয়।

অফিস আদেশ অনুযায়ী, কোনো কোনো কর্মকর্তাকে একটি জেলার পাশাপাশি অন্য জেলার হাসপাতালের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আওতাধীন জেলা, উপজেলা ও হাসপাতালের জনবল, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা সরঞ্জাম, অবকাঠামো, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে হাসপাতাল প্রধানের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।

এছাড়া হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরা নিয়মিত তদারকি করতে হবে। উপস্থিতি-সংক্রান্ত তথ্য ও প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে। জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে টিকাদান কর্মসূচি, সংক্রামক রোগ প্রতিরোধ ও জনসচেতনতামূলক কার্যক্রমের অগ্রগতিও নিশ্চিত করতে হবে।

মাতৃ ও শিশুসেবা, প্রবীণ স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমসহ জনস্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে অংশগ্রহণ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার নির্দেশনাও রয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে উদ্ভাবনী ও কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত ও সহায়তা করতে বলা হয়েছে। নির্দেশনায় বলা হয়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত জেলা, উপজেলা ও হাসপাতাল পরিদর্শন করতে হবে। পরিদর্শনের সময় চিহ্নিত সমস্যা, পর্যবেক্ষণ ও সুপারিশ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বাস্তবায়নযোগ্য পদক্ষেপ নিতে হবে। প্রতিটি পরিদর্শনের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে প্রতি মাসের ৭ তারিখের মধ্যে নির্ধারিত শাখায় পাঠাতে হবে। প্রত্যেক কর্মকর্তাকে মাসে অন্তত একটি পরিদর্শন সম্পন্ন করতে হবে।

তালিকা অনুযায়ী, অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তাদের প্রশাসন, উন্নয়ন, বিশ্বস্বাস্থ্য, হাসপাতাল, জনস্বাস্থ্য, আর্থিক ও অডিট, বাজেট ও নার্সিংসহ বিভিন্ন শাখার গুরুত্বপূর্ণ জাতীয় হাসপাতাল ও বিভাগভিত্তিক তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বিশেষায়িত প্রতিষ্ঠানের জন্য পৃথক তদারক কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে।

যুগ্মসচিব ও উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের দেশের বিভিন্ন জেলার হাসপাতালের দায়িত্ব দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে জেলা হাসপাতালের পাশাপাশি উপজেলা হাসপাতালও তাদের তদারকির আওতায় থাকবে।

আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট জেলা প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করতে হবে। পরিদর্শনের মাধ্যমে হাসপাতালের সমস্যা চিহ্নিত, সমাধানের উদ্যোগ এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করাই এ ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য। নির্ধারিত দায়িত্ব কর্মকর্তাদের নিয়মিত দায়িত্বের অতিরিক্ত হিসাবে পালন করতে হবে। আদেশটি জারির তারিখ থেকে কার্যকর হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা আহত ১০

সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা আহত ১০

সরকারি হাসপাতালের রোগী যাবে চার প্রাইভেটে

সরকারি হাসপাতালের রোগী যাবে চার প্রাইভেটে

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক ব্যাংক খাত নিয়ে সুনির্দিষ্ট তথ্য চায় কমিটি

ব্যাংক খাত নিয়ে সুনির্দিষ্ট তথ্য চায় কমিটি

হাসপাতাল তদারকির দায়িত্বে ৫৪ কর্মকর্তা

হাসপাতাল তদারকির দায়িত্বে ৫৪ কর্মকর্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম