Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

সংসদীয় কমিটির বৈঠক

৩১ দফা সংস্কার বাস্তবায়নে মাঠপর্যায়ে সমন্বয়ের পরামর্শ

Advertisement

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাষ্ট্র মেরামতে মননশীলতার পরিবর্তন ঘটিয়ে জাতীয়তাবাদী চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ ৩১ দফা সংস্কার বাস্তবায়নে মাঠপর্যায়ে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনার পরামর্শ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। তারা বলেছে, কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে আইনগত, প্রশাসনিক বা বাস্তব কোনো প্রতিবন্ধকতা থাকলে তা স্পষ্টভাবে কমিটির সামনে তুলে ধরতে হবে। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক থেকে এ নির্দেশনা দেওয়া হয়। কমিটির সভাপতি সাঈদ আহমেদ এতে সভাপতিত্ব করেন। কমিটি সরকারের বাজেট বরাদ্দের আলোকে মন্ত্রণালয়াধীন যেসব প্রকল্পের কার্যক্রমে ধীরগতি রয়েছে, তা অনুসন্ধানের সুপারিশ করে। একই সঙ্গে ‘সবার উপরে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে বর্তমান সরকারের কার্যক্রমে কোনো প্রকার অসহযোগিতা বা অবহেলাকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে।

বৈঠকে কমিটি সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এবিএম আশরাফ উদ্দিন (নিজান), শাহজাহান চৌধুরী, মো. আমিরুল ইসলাম খান, ফখর উদ্দিন আহমেদ, রেহেনা আক্তার রানু ও মো. নূরুল ইসলাম অংশ নেন।

দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে গঙ্গা চুক্তির সুপারিশ : বাংলাদেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে গঙ্গা চুক্তির সুপারিশ করেছে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গঙ্গা নিয়ে বিদ্যমান চুক্তির ধারাবাহিকতা বজায় থাকবে, নাকি নতুন করে চুক্তি নবায়ন করা হবে, সে বিষয়ে তারা জানতে চেয়েছে। তবে মন্ত্রণালয় জানিয়েছে, এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কার্যক্রম চলমান রয়েছে। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে পদ্মা ব্যারাজ প্রকল্পের অংশ হিসাবে আগামী ২৫ অক্টোবর পাবনার সুজানগরে কমিটির সদস্যরা পরিদর্শনে যাবেন বলে জানানো হয়। কমিটিকে জানানো হয়, আগামী বছর ফেব্রুয়ারি মাসে পদ্মা ব্যারাজ প্রকল্পের কাজ উদ্বোধন করা সম্ভব হবে।

কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলনের সভাপতিত্বে বৈঠকে জামালপুরের ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ এবং যমুনা নদীর বামতীর, পুরাতন ব্রহ্মপুত্র ও আলাই নদীর তীর প্রতিরক্ষা প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য বলা হয়। এছাড়া রাজশাহী ও নাটোরের বারনই নদী পুনঃখনন, দূষণমুক্ত ও দখলমুক্তকরা, কক্সবাজারের উখিয়া ও টেকনাফে নাফ নদ সংলগ্ন পোল্ডার পুনর্বাসন এবং গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন নিয়ে আলোচনা হয়। কমিটির সদস্য ও পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এ ই সুলতান মাহমুদ বাবু, মাজহারুল ইসলাম, মো. ফরিদুল কবীর তালুকদার, মো. ইজ্জত উল্লাহ, মো. অলি উল্লাহ এবং মো. মশিউর রহমান খান বৈঠকে অংশ নেন।

স্কুল ও কলেজপর্যায়ে বিজ্ঞান মেলার সুপারিশ : ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী শক্তি জাগ্রত করতে স্কুল ও কলেজপর্যায়ে জাঁকজমকপূর্ণভাবে বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, এজেডএম রেজওয়ানুল হক, মো. আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ ফাহিম চৌধুরী, কেএম বাবর, সানসিলা জেবরিন, সালাহ উদ্দিন, মারদিয়া মমতাজ এবং মো. আব্দুল গফুর অংশ নেন।

শূন্য পদ পূরণের উদ্যোগ : জাতীয় সংসদ সচিবালয়ের শূন্য পদে দ্রুত নিয়োগে উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। কমিটির সভাপতি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এতে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মো. সেলিম রেজা, মো. মাহবুবুল আলম এবং মোসাম্মৎ শাম্মী আক্তার অংশ নেন। এ ছাড়া বিশেষ আমন্ত্রণে হুইপ এবিএম আশরাফ উদ্দিন (নিজান) বৈঠকে উপস্থিত ছিলেন। সভায় সংসদ সচিবালয়ের সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদের মধ্যে প্রথম শ্রেণির ১৫টি এবং দ্বিতীয় শ্রেণির একটিসহ মোট ১৬টি পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়। এছাড়াও তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্যপদে সরাসরি নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য নভেম্বরে প্রথম সপ্তাহের মধ্যে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশে ঢুকে বিএসএফের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বাংলাদেশে ঢুকে বিএসএফের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর

এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড সৌদির কাছে কিছু প্রশ্নের জবাব চেয়েছে ঢাকা

সৌদির কাছে কিছু প্রশ্নের জবাব চেয়েছে ঢাকা

সৃজনশীল শিল্প হবে অর্থনীতির নতুন চালিকাশক্তি: অর্থমন্ত্রী

সৃজনশীল শিল্প হবে অর্থনীতির নতুন চালিকাশক্তি: অর্থমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম