Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

১০ মাসে ৩০ অগ্নিকাণ্ড

পুড়ে পঙ্গু গাজীপুরের নানা প্রতিষ্ঠান, তদন্ত নিয়ে প্রশ্ন

দুই ওষুধ কারখানায় আগুন নানা সন্দেহ, প্রায়ই পুড়ছে ঋণী প্রতিষ্ঠান, খতিয়ে দেখার দাবি * শ্রমিকদের জীবন কাটে অনিশ্চয়তায়, ব্যাহত হচ্ছে উৎপাদন

Advertisement

Icon

মোহাম্মদ মোরশেদ আলম, গাজীপুর

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শিল্পের শহর গাজীপুরে অগ্নিকাণ্ড যেন লেগেই থাকে। প্রায়ই কারখানা ও ঝুটের গোডাউনে আগুন লাগছে। কখনো পুড়ে যাচ্ছে কাঁচামাল, কখনো যন্ত্রপাতি ও উৎপাদন ইউনিট। কয়েক ঘণ্টার মধ্যেই ভস্মীভূত হচ্ছে কোটি টাকার সম্পদ। ব্যাহত হচ্ছে উৎপাদন, পঙ্গু হচ্ছে প্রতিষ্ঠান। শুধু মালিক বা কর্তৃপক্ষ নয়, আগুনে আর্থিক ক্ষতির পাশাপাশি অনিশ্চয়তায় পড়ছেন এসব প্রতিষ্ঠানের শ্রমিকরাও।

গাজীপুরের শিল্পাঞ্চলে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অন্তত ৩০টি অগ্নিকাণ্ড ঘটেছে। মহানগরী ও আশপাশের বিভিন্ন কারখানা এবং ঝুটের গোডাউনে এসব আগুন লাগে। গত ১৪ অক্টোবর টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় ভয়াবহ আগুন লাগে। এর তিন দিন পর কালিয়াকৈরের সফিপুরে আগুন লাগে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হারবাল শাখায়। সর্বশেষ গত ১৮ ও ১৯ অক্টোবর কোনাবাড়ীর আমবাগ এলাকায় পৃথক অগ্নিকাণ্ডে তিনটি ঝুটের গোডাউনের মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এসব ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিল্পাঞ্চলে বারবার অগ্নিকাণ্ড ঘটায় কারখানা ও গোডাউনের নিরাপত্তা ব্যবস্থা, পরিবেশগত ছাড়পত্র, নিয়মিত পরিদর্শন এবং সরকারি সংস্থাগুলোর নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। কোনো কোনো প্রতিষ্ঠানের অনুমোদনসংক্রান্ত তথ্যের পাশাপাশি সামনে এসেছে ব্যাংক ঋণের বিষয়টিও। তবে ঋণ থাকার সঙ্গে আগুন লাগার সম্পর্ক আছে কি না তা যাচাই প্রয়োজন বলে মনে করেন অনেকেই।

জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় একই দিনে তিনটি ঝুটের গোডাউনে আগুন লাগে। এর মধ্যে মনির হোসেনের মালিকানাধীন মেসার্স মনির এন্টারপ্রাইজের নামে ১০ লাখ টাকা ঋণের তথ্য পাওয়া গেছে। ঋণের একটি কিস্তি পরিশোধের প্রায় এক মাস পর এ অগ্নিকাণ্ড ঘটে। খোরশেদ আলমের মালিকানাধীন ভাই ভাই এন্টারপ্রাইজের নামেও ১০ লাখ টাকা ঋণ নেওয়া হয়। আট কিস্তি পরিশোধের পর একই দিনে তার গোডাউনেও আগুন লাগে। গত ২৭ আগস্ট কোনাবাড়ীর দেউলিয়াবাড়ি মোড় এলাকায় ঝুট ব্যবসায়ী মোহাম্মদ ইদ্রিস শেখের গোডাউনে আগুন লাগে। তার মালিকানাধীন মেসার্স সাথী এন্টারপ্রাইজের নামে ব্র্যাক ব্যাংক থেকে এক কোটি টাকা ঋণের তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ঋণের প্রায় অর্ধেক পরিশোধ করা হয়েছে। একই দিন ওই এলাকায় মোহাম্মদ রমজান মিয়ার গোডাউনেও আগুন লাগে। তার নামে ব্র্যাক ব্যাংকে ৪৫ লাখ টাকা এবং সিটি ব্যাংকে ২৫ লাখ টাকা ঋণ রয়েছে বলে জানা গেছে।

এছাড়া গত ৩ মার্চ ইউটা নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড এবং সরকার নীড ও এসএন ফ্যাশন; ১৮ মার্চ ড্রেস ইন স্টাইল লিমিটেড; ২০ জুন ইকো গ্রিন অয়েল লিমিটেড এবং ৪ অক্টোবর পূবাইলের একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে।

পরপর দুই ওষুধ কারখানায় আগুন : গাজীপুরের শিল্পাঞ্চলে সম্প্রতি দুটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। ১৪ অক্টোবর টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানা এবং তিন দিন পর ১৭ অক্টোবর কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের হারবাল শাখায় আগুন লাগে। এই দুই দুর্ঘটনায় শিল্পকারখানার অগ্নিনিরাপত্তা, বৈদ্যুতিক ব্যবস্থা, অগ্নিনির্বাপণ সরঞ্জামের কার্যকারিতা এবং নিয়মিত পরিদর্শন নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, একই এলাকায় বিপুলসংখ্যক ঝুট গোডাউন থাকায় আগুন লাগে বেশি।

শর্ট সার্কিটের তদন্ত নিয়ে প্রশ্ন : গাজীপুরের বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে কারণ হিসাবে উল্লেখ করা হলেও তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। আগুন নিভে যাওয়ার পর ফায়ার সার্ভিস, কারখানা কর্তৃপক্ষ, ঝুট গোডাউনের মালিক সবাই শর্ট সার্কিট হতে আগুন লাগার কথা বললেও তদন্তের ফল আর আসে না।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর অতিরিক্ত জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) মো. শফিকুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটিতে আমাদের কোনো প্রতিনিধি রাখা হয় না। তাহলে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে কীভাবে নিশ্চিত করা হয়।’ তার দাবি, অগ্নিকাণ্ড ঘটলে তদন্তে বিদ্যুৎ বিশেষজ্ঞদের যুক্ত করা জরুরি। গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যাতে নিয়মকানুন মেনে পরিচালিত হয়, সেজন্য প্রশাসনের নিয়মিত তৎপরতা রয়েছে। ফায়ার লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পরিচালিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কুরিয়ারের গুদামে ভাঙচুর-লুট ভাড়ার টাকা শীর্ষ সন্ত্রাসী ইমনকে দেওয়ার নির্দেশ

ভাড়ার টাকা শীর্ষ সন্ত্রাসী ইমনকে দেওয়ার নির্দেশ

১০ মাসে ৩০ অগ্নিকাণ্ড পুড়ে পঙ্গু গাজীপুরের নানা প্রতিষ্ঠান, তদন্ত নিয়ে প্রশ্ন

পুড়ে পঙ্গু গাজীপুরের নানা প্রতিষ্ঠান, তদন্ত নিয়ে প্রশ্ন

ডেঙ্গুতে ৫, হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু

ডেঙ্গুতে ৫, হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু

বিআরটি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় বিআইপি

বিআরটি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় বিআইপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম