রয়টার্সের প্রতিবেদন
আসামে এক মাসেই ৩,৪০০ মুসলিম পরিবার উচ্ছেদ
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে গত এক মাসে ৩,৪০০টি মুসলিম পরিবারের ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছে কর্তৃপক্ষ। আগামী বছর আসামে নির্বাচনের প্রাক্কালে ঘরবাড়ি ধ্বংসের পাশাপাশি বাসিন্দাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এমনকি বাংলাভাষী মুসলমানদের জোর করে বাংলাদেশেও ‘পুশইন’ করা হচ্ছে। সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
‘ইভিকসন্স অ্যান্ড এক্সপালসন্স অব মুসলিমস টু বাংলাদেশ প্রিসিড ইনডিয়ান স্টেট পোলস’-শিরোনামের প্রতিবেদনে বলা হয়, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে, বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এক কোণে নীল ত্রিপলের নিচে শত শত মুসলিম নারী, পুরুষ ও শিশু গাদাগাদি করে আশ্রয় নিয়েছে। তাদের কেউ কয়েকদিন, কেউ কয়েক সপ্তাহ আগে বাড়িঘর হারিয়েছে। রাজ্য কর্তৃপক্ষের অভিযানে তাদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আসন্ন রাজ্য নির্বাচনকে সামনে রেখে এই উচ্ছেদ অভিযান এখন ব্যাপক আকার ধারণ করেছে। এমন হাজার হাজার পরিবারের ঘরবাড়ি সরকার ‘সরকারি জমিতে অবৈধভাবে বসবাস’ করার অভিযোগে বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। অথচ এসব মানুষের অনেকেরই আসামে জন্ম ও বেড়ে ওঠা।
৫৩ বছর বয়সি আরান আলি বলেন, সরকার বারবার আমাদের হয়রানি করছে। আমাদের বলা হয় দখলদার আর বিদেশি। তিনি এখন পরিবার নিয়ে আসামের গোলপাড়া জেলার খোলা আকাশের নিচে রোদে পুড়ে দিন কাটাচ্ছেন।
আসামে বিজেপি সরকারের অধীনে এই উচ্ছেদের মাত্রা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড়। রাজ্যজুড়ে বাঙালি ভাষাভাষী মুসলিমদের ‘বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী’ হিসাবে চিহ্নিত করে দমন-পীড়ন চালানো হচ্ছে। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের ভারতঘনিষ্ঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এই দমন-পীড়ন আরও তীব্র হয়েছে।
অনেকেই মনে করছেন, নির্বাচনের আগে হিন্দু ভোটারদের উসকানি দিয়ে রাজনৈতিক সুবিধা নিতে এই অভিযান চালানো হচ্ছে। আসাম রাজ্য ভারতের ৪,০৯৭ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ সীমান্তের মধ্যে ২৬২ কিলোমিটার ঘেঁষে আছে। এই রাজ্যে বহুদিন ধরেই অভিবাসনবিরোধী মনোভাব বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, বাংলাদেশ থেকে আসা হিন্দু ও মুসলিম উভয় অভিবাসী স্থানীয় সংস্কৃতি, অর্থনীতি ও সমাজব্যবস্থাকে ধ্বংস করে দেবে। তবে বর্তমান উচ্ছেদ অভিযান এককভাবে মুসলিমদের টার্গেট করছে।
বিজেপির কট্টরপন্থি জাতীয়তাবাদী নেতা হিসেবে পরিচিত আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যে বলেছেন, ‘বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতের পরিচয়কেই হুমকির মুখে ফেলছে।’
