জাতিসংঘের প্রতিবেদন
খাদ্য নিরাপত্তাহীন দেশের মধ্যে বিশ্বে ৪র্থ বাংলাদেশ
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে থাকা শীর্ষ পাঁচ দেশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। স্বাস্থ্যকর বা সুষম খাদ্য গ্রহণের দিক থেকেও বাংলাদেশ পিছিয়ে। এ বিষয়ে গত সাত বছরে অনেকটা উন্নতি হলেও এখনো দেশের সাত কোটি ৭১ লাখ মানুষ স্বাস্থ্যসম্মত খাবার পায় না। দেশের ১০ শতাংশের বেশি মানুষ অপুষ্টির শিকার।
সম্প্রতি প্রকাশিত ‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস-২০২৫’-এ এই তথ্য উঠে এসেছে। জাতিসংঘের পাঁচটি সংস্থা মিলে এ প্রতিবেদন প্রকাশ করে। সংস্থাগুলো হলো এফএও, ইফাদ, ডব্লিউএফপি, ডব্লিউএইচও ও ইউনিসেফ। এর মধ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) পৃথক এক প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্য সংকটে থাকা বিশ্বের ১০ দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ।
প্রতিবেদনে যা বলা হয়েছে, বিশ্বের ৫৩টি খাদ্য সংকটপীড়িত দেশ ও অঞ্চলের প্রায় ২৯ কোটি ৫০ লাখ মানুষ চরম খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি। এর মধ্যে তীব্র খাদ্য অনিরাপত্তার শিকার মানুষের সংখ্যা অনুযায়ী শীর্ষ পাঁচটি দেশ হলো-নাইজেরিয়া, সুদান, কঙ্গো প্রজাতন্ত্র, বাংলাদেশ ও ইথিওপিয়া। তবে জনসংখ্যার অনুপাতে খাদ্য সংকটে সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর তালিকায় রয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা, দক্ষিণ সুদান, সুদান, ইয়েমেন ও হাইতি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গাজা উপত্যকার শতভাগ মানুষ চরম খাদ্য অনিরাপত্তার মুখে রয়েছে।
