Logo
Logo
×
   

Advertisement

স্বজন সমাবেশ

স্বজন অর্জন

গৌরীপুর স্বজন সমাবেশের দুই যুগের হাতছানি

Advertisement

Icon

মো. রইছ উদ্দিন

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

‘শুভ সুন্দর কল্যাণকর কাজে স্বজন’ এ স্লোগানে এগিয়ে যাচ্ছে গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশ। আলোকিত সমাজ বিনির্মাণে দুই দশকের পথচলায় অর্জন করেছে ‘দেশসেরা’ সংগঠনের উপাধি। গৌরীপুরের একঝাঁক স্বপ্নবাজ, তরুণ ও সমাজসচেতন মানুষের হাত ধরে এগিয়ে যাচ্ছে প্রিয় এ সংগঠন। ২০০৪ সালের ১৭ সেপ্টেম্বর এ সংগঠনটি মাত্র ১৩ সদস্য নিয়ে যাত্রা শুরু করে। তবে এখন পাঠক সংগঠনের গণ্ডি ছাড়িয়ে এক অনন্য সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে রূপ নিয়েছে।

মানবিক সেবা ও দুর্যোগ ব্যবস্থাপনা, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানবিক সংকটে স্বজনরা সবার আগে মানুষের পাশে ছুটেছেন। প্রতিবছর তীব্র শীতে যখন দরিদ্র মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে, তখন স্বজনদের উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলের শীতার্ত মানুষের মাঝে কম্বল ও গরম কাপড় বিতরণ করা হয়। এ ছাড়াও দুস্থ, অসহায়, প্রতিবন্ধী এবং স্বামীহারা মায়েদের মুখে ঈদের আনন্দ ফুটিয়ে তুলতে নিয়মিত ঈদসামগ্রী বিতরণ করে যাচ্ছে। স্বজনরা বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন।

দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন, দরিদ্র মানুষের চিকিৎসা এবং ওষুধ বিতরণসহ নানা এ কর্মসূচি এ বছর পালিত হয়েছে। সারথী সংগঠন গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সহযোগিতায় স্বজনরা নিয়মিত রক্তদান করে আসছে। সেরা রক্তদাতা ও সংগ্রহকারীদের উৎসাহিত করতে প্রতি বছর সংবর্ধিত করা হচ্ছে। বাল্যবিয়ের বিরুদ্ধে ও মাদকবিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে নিয়মিত। স্বেচ্ছাশ্রমে জলাবদ্ধতা দূরীকরণ ও পরিচ্ছন্নতা অভিযানেও অংশ নিয়েছে স্বজনরা। স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার, ড্রেন পরিষ্কার এবং রাস্তাঘাট মেরামতের মাধ্যমে তারা নাগরিক দুর্ভোগ লাঘব করেন। বর্ষা মৌসুমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তার পাশে এবং ধর্মীয় উপাসনালয় প্রাঙ্গণে হাজার হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করে আসছে। সামাজিক ব্যাধি যৌতুক প্রথা উচ্ছেদ এবং নিরাপদ সড়কের দাবিতে স্বজনরা নিয়মিত সেমিনার, লিফলেট বিতরণ ও মানববন্ধনের আয়োজন করে আসছে। শুদ্ধ শব্দ উৎসব ও মেধা অন্বেষণের মাধ্যমে তরুণ প্রজন্মকে আলোকিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। বিশেষ করে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিশু-কিশোরদের মনকে জয় করেছে। সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য চর্চাকেন্দ্রে পরিণত হয়েছে স্বজন সমাবেশ গৌরীপুর শাখা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস, মহান মে দিবস, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি এবং সংগীতানুষ্ঠান চালিয়ে আসছে। দীর্ঘ পথপরিক্রমায় বহু চড়াই-উতরাই পার হতে হয়েছে সংগঠনটিকে। অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আজকের এ সুদৃঢ় অবস্থান তৈরি হয়েছে। তবে স্বজনদের লক্ষ্য আরও বহুদূর। আগামীর দিনগুলোতে গৌরীপুরকে একটি সম্পূর্ণ মাদকমুক্ত, বাল্যবিয়ে মুক্ত এবং শতভাগ শিক্ষিত ও মানবিক জনপদ হিসাবে গড়ে তোলাই স্বজন সমাবেশের মূল লক্ষ্য। ২৩তম বর্ষপূর্তির এ শুভক্ষণে দৈনিক যুগান্তরের পাঠক সংগঠন গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সব স্তরের স্বজন, শুভানুধ্যায়ী এবং সাধারণ সদস্যদের জানাই আন্তরিক অভিনন্দন। সেই সঙ্গে এ যাত্রায় যারা সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। গৌরবের এই আলো ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে।

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম