যেখানে সবচেয়ে এগিয়ে বায়ার্ন
Advertisement
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
এ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে শিরোপা রেসে সবচেয়ে ভালো অবস্থানে আছে বায়ার্ন মিউনিখ। শনিবার বুন্দেসলিগায় লিপজিগকে ৫-১ গোলে উড়িয়ে তারা এগিয়ে গেছে ১১ পয়েন্টে। ১৮ ম্যাচে বায়ার্নের সংগ্রহ ৫০ পয়েন্ট। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড। লিগে এখনো অপরাজিত বায়ার্ন ১৮ ম্যাচে করেছে রেকর্ড ৭১ গোল, যার ২১টি হ্যারি কেইনের। ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়েই এবার সর্বোচ্চ গোল এই ইংলিশ ফরোয়ার্ডের। লিপজিগের মাঠে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা বায়ার্ন বিরতির পর ঘুরে দাঁড়িয়ে গোল উৎসব করে। পাঁচ গোলের দ্বিতীয়টি করেন কেইন। বায়ার্নের পর শিরোপা রেসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে এগিয়ে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির (৪৩) চেয়ে গানাররা (৫০) এগিয়ে সাত পয়েন্টে। তবে শনিবার ম্যানচেস্টার ডার্বিতে সিটির হারের সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারেনি আর্সেনাল। নটিংহাম ফরেস্টের সঙ্গে গোলশূন্য ড্র করে তারাও হারিয়েছে দুই পয়েন্ট। এক ম্যাচ কম খেলায় তিনে থাকা অ্যাস্টন ভিলার (৪৩) সুযোগ আছে আর্সেনালের সঙ্গে ব্যবধান চার পয়েন্টে নামিয়ে আনার।
ইতালির সেরি-আঁ লিগে অধিনায়ক লাওতারো মার্তিনেজের একমাত্র গোলে উদিনেসকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে ছয় পয়েন্টে এগিয়ে গেছে ইন্টার মিলান। ২১ ম্যাচে তাদের সংগ্রহ ৪৯ পয়েন্ট। ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা এসি মিলানের সুযোগ আছে ব্যবধান তিন পয়েন্টে কমিয়ে আনার।
লা লিগায় ১৯ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলা রিয়াল মাদ্রিদ ৪৮ পয়েন্ট নিয়ে দুইয়ে। গত পরশু রাতে তারা ২-০ গোলে হারিয়েছে লেভান্তেকে।
