এশিয়ান বিচ গেমস
কাবাডি দল গঠনে অভিজ্ঞদের উপেক্ষার অভিযোগ
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চীনের সানিয়াতে ২২-৩০ এপ্রিল অনুষ্ঠেয় এশিয়ান বিচ গেমসে বাংলাদেশ অংশ নেবে। তবে গেমসের পুরুষ কাবাডি দল গঠন নিয়ে অভিযোগ উঠেছে, যোগ্য ও অভিজ্ঞদের পাশ কাটিয়ে দল গঠন করা হয়েছে। কোচ বাদশা মিয়ার তত্ত্বাবধানে চলছে অনুশীলন।
অভিযোগে জানা যায়, বাছাইপর্ব ছাড়াই খেলোয়াড়দের নিয়ে ক্যাম্প শুরু করেছে ফেডারেশন। অথচ আন্তর্জাতিক গেমসের জন্য চূড়ান্ত দল গঠনের প্রক্রিয়ায় দ্বিপায়ন গোলদার, ফেরদৌস শেখ, মনিরুল ইসলাম এবং তুহিন তরফদারদের মতো একাধিক অভিজ্ঞ ও তারকা কাবাডি খেলোয়াড় অভিজ্ঞরা উপেক্ষিত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক খেলোয়াড় অভিযোগ করেন, ‘নেপালের সঙ্গে কাবাডি সিরিজে আমি সেরা খেলোয়াড় হয়েছিলাম। দীর্ঘদিন ধরে কাবাডি খেলছি। বিচ কাবাডির গত আসরগুলোতেও ভালো পারফরম্যান্স করেছি। কিন্তু এবার আমার নামই নেই। ট্রায়ালও নেওয়া হয়নি।’ আরেক খেলোয়াড়ও নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিচ কাবাডিতে আমি নিয়মিত ভালো করি। যদি সবার জন্য বাছাইপর্ব হতো, তাহলে নিজেদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পেতাম। কিন্তু সেই সুযোগ আমাদের দেওয়া হয়নি।’ এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় দলের কোচ বাদশা মিয়া বলেন, ‘ফেডারেশন তরুণ একটি দল নির্বাচন করে আমাকে দিয়েছে, যাদেরকে নিয়ে অনুশীলন করাচ্ছি। বিচ কাবাডিতে যাবে ছয়জন, খেলবে চারজন। তাই হয়তো এখানে কেউ কেউ বাদ পড়েছেন।’ কাবাডি সংগঠক দেলোয়ার হোসাইন বলেন, ‘যোগ্যতা থাকা সত্ত্বেও কেন তারকা খেলোয়াড়দের ক্যাম্পে ডাকা হয়নি, তা বোধগম্য নয়। কাবাডি কারও ব্যক্তিগত সম্পদ নয়। কাবাডিকে এগিয়ে নিতে হলে যোগ্যতার ভিত্তিতে খেলোয়াড় নির্বাচন করতে হবে। বাছাইপর্ব ছাড়া সরাসরি খেলোয়াড় নিয়ে দল গঠন করলে প্রশ্ন উঠবেই।’
