অবনমন স্থগিত, সুযোগ পেল ঢাকা ওয়ান্ডারার্স
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দলবদল চলছে। ক্লাবগুলো নতুন মৌসুমের স্বপ্ন গুছিয়ে নিচ্ছে। ঠিক সেই সময়ই বদলে গেল বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের অঙ্ক। মৌসুম শুরুর আগেই নতুন সিদ্ধান্তে পালটে গেল লিগের কাঠামো। অবনমন আপাতত স্থগিত। আর সেই সুযোগে প্রিমিয়ার লিগের দরজা খুলে গেল ঢাকা ওয়ান্ডারার্সের জন্য। রোববার জরুরি নির্বাহী সভায় এমনই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে তৃতীয় হওয়া ঢাকা ওয়ান্ডারার্সকে প্রিমিয়ার লিগে খেলার অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে গত মৌসুমে অবনমিত আরামবাগ ক্রীড়া সংঘের রেলিগেশনও প্রত্যাহার করা হয়েছে। ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে আরেক অবনমিত দল ফকিরেরপুল ইয়ংমেন্সও প্রিমিয়ার লিগে খেলতে পারবে। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এমন সিদ্ধান্ত খুব একটি দেখা যায় না। সাধারণত মাঠের ফলই ভাগ্য নির্ধারণ করে। এবার বাস্তবতা অন্য কথা বলেছে। দেশের তিন ক্লাব ঢাকা আবাহনী, বসুন্ধরা কিংস ও ফকিরেরপুল এখনো ফিফার নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। সেই অনিশ্চয়তা কাটাতেই বিকল্প পরিকল্পনায় হাঁটতে হয়েছে বাফুফেকে। সভা শেষে সভাপতি তাবিথ আউয়াল জানান, ফিফার নির্দেশনা অনুযায়ী অন্তত ১০ দলের লিগ আয়োজন করতেই হবে।
