লক্ষ্মীপুরের ‘লক্ষ্মী ছেলে’ হাসান মাহমুদ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরের হাসান মাহমুদ বিশ্ব ক্রিকেট মাতাচ্ছেন। তার বোলিং নৈপুণ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। দুই ইনিংসে নয় উইকেট নিয়ে ডারউইন টেস্টে ম্যাচসেরা হয়েছেন হাসান। তার এমন কৃতিত্বে উচ্ছ্বসিত সারা দেশ। হাসানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বাবা মো. ফারুক।
২০২০ সালে পাকিস্তান সফর দিয়ে হাসান প্রথম বাংলাদেশ জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। হাসানের কৃতিত্বে সারা দেশের মতো লক্ষ্মীপুরবাসীও উচ্ছ্বসিত। হাসান লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. ফারুক ও গৃহিণী মাহমুদা খাতুন রানীর ছোট ছেলে। তারা দুই ভাই ও তিন বোন।
হাসানের বাবা মো. ফারুক বলেন, ‘হাসান সবার দোয়ায় ভালো খেলেছে।’ সে যেন ভালো খেলে সুনাম ধরে রাখতে পারে, সেজন্য সবার দোয়া চেয়েছেন তিনি।
লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কোচ মনির হোসেন বলেন, ‘হাসানের বোলিং নৈপুণ্যে বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার দেখতে পেরেছি। অস্ট্রেলিয়ার দাম্ভিকতা ভেঙেছে। আমরা হাসানকে নিয়ে গর্ববোধ করি। তার কৃতিত্বে লক্ষ্মীপুরের ক্রীড়া পরিবার উচ্ছ্বসিত।’
রাইজিং ফুটবল একাডেমির পরিচালক আব্দুল মমিন বলেন, ‘লক্ষ্মীপুর স্টেডিয়ামে হাসানের ক্রিকেটে হাতেখড়ি। তার কৃতিত্বে বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়াকে টেস্ট ম্যাচে হারিয়েছে। তার জন্য শুভকামনা।’ হাইফাই সংস্কৃতি সংঘের সভাপতি জাকির হোসেন বলেন, ‘হাসান মাহমুদ আমাদের হাইফাই ক্রীড়া সংসদের খেলোয়াড় ছিল। সে অস্ট্রেলিয়ার নয় উইকেট নিয়েছে, এ আনন্দ বলে বোঝানো সম্ভব নয়।’
