‘পাঁচদিনই ভালো ক্রিকেট’
ম্যাকাই টেস্টে এটুকু চাওয়া নাজমুলের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
এক রোববার ক্রিকেটবিশ্বের হৃদয় জয় করে নিয়েছে বাংলাদেশ। আরেক শনিবার শুরু হয়েছে আরেক রোমাঞ্চকর যাত্রা। এই লেখা যখন পড়ছেন, সেই স্বপ্নযাত্রা শুরু হয়ে গেছে। আর ডারউইনে শোচনীয় হারের শোক সামলে অস্ট্রেলিয়া ‘নিজেদের হারিয়ে খোঁজার’ দৌড় শুরু করেছে ম্যাকাইয়ে। দুই অধিনায়ক বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত ও অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স-দুজনই ডারউইনকে পেছনে ফেলে ম্যাকাইয়ে পাঁচদিনের ক্রিকেটে মনোনিবেশ করার প্রত্যয়ের কথা জানিয়েছেন। ডারউইন থেকে ম্যাকাইয়ে আসতে অস্ট্রেলিয়ার লেগেছে নয় ঘণ্টা, বাংলাদেশের ১৪ ঘণ্টা। দ্বিতীয় টেস্টে দুদলের শুরুটা কেমন হয়েছে, তা এতক্ষণে দেখা হয়ে গেছে আপনার।
ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্টের আগেরদিন শুক্রবার সংবাদ সম্মেলনে নাজমুল বলেন, ‘ডারউইনের জয় এখন অতীত। এই কন্ডিশনে কীভাবে মানিয়ে নিতে পারি, এ নিয়ে নিজেদের মধ্যে আমরা কথা বলেছি। আশা করি, আমরা সেখান থেকে বের হয়ে এখানে নতুন শুরু করব।’
ম্যাকাইয়ে ঠান্ডা। বাতাসের তীব্র বেগ। অধিনায়কের মতে, ‘বাতাসের বেগ কাজে লাগাতে পারলে বাংলাদেশের বোলাররা বাড়তি সুবিধা পেতে পারে।’ তিনি বলেন, ‘প্রস্তুতি ভালো হয়েছে। আবহাওয়া ভিন্ন। এখানে একটু ঠান্ডা। বাতাস তীব্র। দুদিন অনুশীলনে খেলোয়াড়রা টের পেয়েছে।’
ম্যাকাইয়ের উইকেট নাজমুলের দৃষ্টিতে ভালো। ডারউইনের চেয়ে বাউন্স কিছুটা বেশি হতে পারে। তবে কন্ডিশন নিয়ে চিন্তিত নন তিনি। দলের পাঁচ পেসার প্রস্তুত। দুই স্পিনারও যে কোনো পরিস্থিতিতে কার্যকর ভূমিকা
রাখতে পারেন বলে বিশ্বাস অধিনায়কের। নাজমুল বলেন, ‘শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে অবশ্যই খেলা উচিত। না খেললে উন্নতি হবে না।
বিশ্ব ক্রিকেটে যেখানে আমাদের সামর্থ্য আছে, সেটাও বোঝাতে পারব না। শেষ ম্যাচ জিতে ইতিবাচক বার্তা দিতে পেরেছি। আমরা বিশ্বাস করি, আমাদের দল যে কোনো কন্ডিশনে ভালো খেলার সামর্থ্য রাখে।’
