Logo
Logo
×
   

খেলা

সাত হাজারের হাতছানি মুশফিকের সামনে

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ শুরু দ্বিতীয় ও শেষ টেস্টে মুশফিকুর রহিমের সামনে একটি মাইলফলক স্পর্শ করার হাতছানি। ডারউইন টেস্টে বড় ইনিংস খেলে ঐতিহাসিক জয়ে অবদান রাখতে না পারলেও সাত হাজার টেস্ট রানের মাইলফলক থেকে ১৫৮ রান দূরে বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার। ম্যাকাইয়ে দুই ইনিংসে সেই রান করতে পারলে দেশের প্রথম ব্যাটার হিসাবে অনন্য এই ক্লাবের সদস্য হবেন ‘মি. ডিপেন্ডেবল’। মুশফিকের টেস্ট ক্যারিয়ার শুরু হয়েছিল দুই দশকেরও বেশি সময় আগে, ২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে। দীর্ঘ যাত্রায় অধিনায়কত্ব করেছেন, উইকেটকিপিং করেছেন। ১০৪ টেস্টের ১৯১ ইনিংসে মুশফিকের সংগ্রহ ছয় হাজার ৮৪২ রান। গড় ৩৯.০৯। ১৪টি সেঞ্চুরি, ২৯টি ফিফটি। ডাবল সেঞ্চুরি তিনটি। ২০১৩ সালে গলে শ্রীলংকার বিপক্ষে ২০০ রানের ইনিংস দিয়ে টেস্টে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি রানও মুশফিকের। পরের স্থানে রয়েছেন মুমিনুল হক-পাঁচ হাজার ২১০ রান। ডারউইন টেস্টে পাঁচ নম্বরে নেমে ৫৫ বলে ৩৬ রানে আউট হন মুশফিক। এ নিয়ে বাড়তি চাপ দেখছেন না প্রধান কোচ ফিল সিমন্স। ৩৯ বছর বয়সেও যেভাবে মুশফিক ক্রিকেট উপভোগ করছেন, সেটিই কোচের কাছে সবচেয়ে আনন্দের বিষয়। সিমন্স বলেন, ‘সে দারুণভাবে উপভোগ করছে। মাঠেই তো দেখতে পাচ্ছেন। সে খেলতে পেরে দারুণ খুশি। একশর বেশি টেস্ট খেলেছে মুশফিক। এখন আর তার প্রমাণ করার কিছু নেই। আমি তাকে নিয়ে অনেক খুশি।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে মুশফিক ২০১৭ সালে দেশের মাটিতে চার ইনিংসে করেছিলেন ১৫৮ রান। এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলছেন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .