Logo
Logo
×
   

খেলা

আহারে ভ্রমণবিলাস!

এশিয়ান গেমসে পদকের আশা কম * চরম অর্থসংকট * জাপান-যাত্রায় ২৬০ জন

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আহারে ভ্রমণবিলাস!

অর্থসংকট চরমে। সরকারের কাছ থেকে প্রত্যাশিত অর্থও মেলেনি পুরোপুরি। তবু জাপানের আইচি-নাগোয়ায় ১৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এশিয়ান গেমসে বাংলাদেশের বহর ছোট হচ্ছে না। ২২ ডিসিপ্লিনে যাচ্ছে ২৬০ সদস্যের কন্টিনজেন্ট। এর বাইরে বিভিন্ন পরিচয়ে আরও অর্ধশতাধিক ব্যক্তির যাওয়ার প্রস্তুতি রয়েছে। পদকের সম্ভাবনা সীমিত হলেও এত বড় বহর কেন? বাংলাদেশ দলে ৯০ পুরুষ ও ৯৭ নারী অ্যাথলেট। তাদের সঙ্গে ৬১ পুরুষ ও ১২ নারী কোচ এবং কর্মকর্তা। ক্রিকেটে ৩০ খেলোয়াড়ের সঙ্গে ১১ কর্মকর্তা, হকিতে ৩৬ খেলোয়াড়ের সঙ্গে নয়জন এবং নারী ফুটবলে ২৩ খেলোয়াড়ের সঙ্গে যাচ্ছেন সাত কর্মকর্তা। কাবাডিতে ২৪ খেলোয়াড়ের বিপরীতে ছয় কর্মকর্তা। আরচারিতে ১২ খেলোয়াড় ও চার কর্মকর্তা, শুটিংয়ে ১২ খেলোয়াড় ও চার কর্মকর্তা। শুধু বহরের আকারই অসম্ভব বড় নয়, আবাসনেও রয়েছে ভিন্ন আয়োজন। আট ডিসিপ্লিনের সদস্যরা থাকবেন একটি ক্রুজ শিপে। আরচারি, জিমন্যাস্টিক্স, জুডো, কাবাডি, ভারোত্তোলন, রেসলিং, টেবিল টেনিস ও উশুর আবাসন হয়েছে সেখানে। অন্যরা থাকবেন বিভিন্ন হোটেল ও রিসোর্টে। বড় বহর নিয়ে প্রশ্নের জবাবে বিওএ’র সহসভাপতি মেজর (অব.) ইমরোজ আহমেদ বলেছেন, ‘এশিয়ান গেমসে শুধু পদকের জন্য যাওয়া হয় না। আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন এবং ভবিষ্যতের ক্রীড়াবিদ তৈরি করাও লক্ষ্য। প্রস্তুতি ও ট্রেনিং পর্যবেক্ষণে মনিটরিং কমিটির পাশাপাশি অ্যান্টি-ডোপিং, সেফগার্ডিং ও কম্পিটিশন ম্যানিপুলেশন নিয়েও সচেতনতামূলক কার্যক্রম করা হয়েছে।’ পদকের হিসাবও একেবারে বাদ দিচ্ছে না বিওএ। কাবাডি, ক্রিকেট, শুটিং ও আরচারিতে সবচেয়ে বেশি প্রত্যাশা। উশু, জুডো ও কারাতেতেও ভালো ফলের আশা রয়েছে। এবার উদ্বোধনী অনুষ্ঠানে সর্বোচ্চ ৬৫ কর্মকর্তা ও অফিশিয়াল অংশ নিতে পারবেন। সমাপনীতে থাকবেন ৪৫ অ্যাথলেট ও কর্মকর্তা। উদ্বোধনী মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহন করবেন শুটার আবদুল্লাহ হেল বাকি ও কারাতেকা হুমায়রা আক্তার অন্তরা। নারী ফুটবল দলকে আগে জাপানে যেতে হচ্ছে। ১৪ ও ১৭ সেপ্টেম্বর তাদের ম্যাচ। বর্তমানে চীনে প্রস্তুতি নিচ্ছে দলটি। নারী ক্রিকেটাররা এশিয়া কাপে। আর পুরুষ ক্রিকেটাররা এবং হকির দলও প্রস্তুতিতে ব্যস্ত। শেষ পর্যন্ত ২৬০ সদস্যের এই বিশাল বহরের সাফল্য মাপা হবে পদকে, নাকি অভিজ্ঞতার অদৃশ্য হিসাবে? উত্তর মিলবে গেমসের আলো নিভলে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম