কমলাপুরে ফুটবলের বাগানে ৩২০ স্বপ্নের কলি
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কমলাপুরের মাঠে যেন দৌড়াচ্ছে ৩২০টি স্বপ্ন। কারো দুই চোখে লাল-সবুজ জার্সি, কারো মনে আজারবাইজানে উড়াল দেওয়ার আকাঙ্ক্ষা। কেউ হয়তো প্রথমবারের মতো বড় মঞ্চের দরজায় কড়া নাড়ছে। সেই দরজার ওপারে ফিফার নতুন যুব উৎসব। ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে চলছে বাফুফের নিবন্ধিত একাডেমির অনূর্ধ্ব-১৫ ফুটবলারদের ট্রায়াল। মঙ্গলবার শুরু হওয়া বাছাই চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। দেশের আট বিভাগ থেকে উঠে আসা ৩২০ জন কিশোর ফুটবলার নিজেদের প্রমাণের লড়াইয়ে নেমেছে। লক্ষ্য আজারবাইজানে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের জন্য বাংলাদেশ দলে জায়গা করে নেওয়া। প্রথমবারের মতো আয়োজিত এ ফিফা টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে ২২ থেকে ৩১ অক্টোবর। এবারের আসর ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল নিয়ে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা কিশোরদের জন্য এ এক অন্যরকম পরীক্ষা। এতদিন যে মাঠে নিজের একাডেমির হয়ে খেলেছে তারা, সেখানে এবার দেশসেরা হওয়ার লড়াই। বল পায়ে কে কতটা স্বাচ্ছন্দ, কতটা দ্রুত, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারার সক্ষমতা সবকিছুর ওপর নজর নির্বাচকদের। প্রতিটি নিবন্ধিত একাডেমি থেকে দুজন করে ফুটবলারকে ট্রায়ালে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ৩২০ জনের ভিড় থেকে শেষ পর্যন্ত কারা জায়গা করে নেবে লাল-সবুজ দলে, সেটি এখন দেখার। এ দলটি অবশ্য অন্য সব বয়সভিত্তিক দলের মতো নয়। ফিফার নতুন এ উৎসবের ম্যাচ হবে আটজনের দল নিয়ে, ম্যাচের দৈর্ঘ্য ৪০ মিনিট। ছোট মাঠ, কম সময়, প্রতি মুহূর্তে স্নায়ুচাপ। বাফুফের অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ কমিটি খুঁজছে ভবিষ্যতের ফুটবলার। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাগুলোকে এক জায়গায় এনে তাদের মধ্য থেকে সম্ভাবনাময় যারা, তাদের তুলে আনার এ উদ্যোগ কতটা সফল হবে, তা নির্ভর করবে শেষ পর্যন্ত কত ভালোভাবে বাছাই করা যায়, তার ওপর। ৩২০ জন দিয়ে শুরু। শেষ পর্যন্ত থাকবে মাত্র কয়েকজন। আজারবাইজানের বিমানে ওঠার স্বপ্ন এখন কমলাপুরের সবুজ মাঠে।
