Logo
Logo
×
   

Advertisement

খেলা

নির্বাচকদের ভাবনায় ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজ

ব্যাটারদের সাধারণত বিশ্রামের প্রয়োজন হয় না। পেসারদের নিয়ে বেশি ভাবনা

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নির্বাচকদের ভাবনায় ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজ

Advertisement

সামনে এশিয়ান গেমস, এরপর আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি। অক্টোবরজুড়ে সিরিজ। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে দুটি টেস্ট। এরপর আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের হোম টেস্ট সিরিজ। এরপর দক্ষিণ আফ্রিকা সফর। সেখানে তিনটি করে ওয়ানডে ও টি ২০ এবং দুটি টেস্ট। ওই সফর দিয়ে শেষ হবে ২০২৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যস্ততা। ঠাসা সূচি নিয়ে চিন্তিত নির্বাচকরা।

ছেলেদের এশিয়ান গেমস শুরু হবে ২৮ সেপ্টেম্বর। আফগানিস্তান ক্রিকেট বোর্ড সংযুক্ত আরব আমিরাতের সূচি প্রকাশ করেছে গত পরশু। ৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে শুরু। ম্যাচটি পাঁচদিন গড়ালে ১৩ অক্টোবর শেষ হবে টেস্ট। এরপর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ১৭ অক্টোবর প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। লিগপর্বে প্রতিটি দল একবার করে একে অপরের বিপক্ষে খেলবে। ২৩ অক্টোবর ফাইনাল। ত্রিদেশীয় সিরিজে ফাইনাল খেললে সেখান থেকে টেস্ট দলে থাকা ক্রিকেটাররা মাত্র তিনদিন সময় পাবেন। ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্ট ২৮ অক্টোবর শুরু মিরপুরে। দ্বিতীয় টেস্ট ৫ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

ওয়ানডে ও টেস্ট খেলা ক্রিকেটারদের মধ্যে লিটন দাস-নাজুমল হোসেন শান্তদের দম ফেলানোর সময় থাকবে না। তাহলে কি ক্রিকেটাদের বিশ্রামে রাখা হবে? নাম প্রকাশ না করার শর্তে এক নির্বাচক বলেন, ‘আগে থেকে বলা ঠিক হবে না। তবে ব্যাটারদের সাধারণত বিশ্রামের প্রয়োজন হয় না। পেসারদের নিয়ে বেশি ভাবনা। প্রার্থনা করছি, তারা যেন ইনজুরিমুক্ত থাকে। তাহলেই সমস্যা হবে না।’ তিনি বলেন, ‘যদি মনে হয়, ব্যাটারদের কেউ ক্লান্ত, তাহলে হয়তো দুই-একটি ম্যাচে বিশ্রাম দিয়ে খেলানো যেতে পারে। কিন্তু সিরিজেই রাখা হবে না এমন ভাবনা নেই আগে থেকে।’

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমান চক্রে ছয় ম্যাচে তিন জয় নিয়ে ৫৫.৫৬ শতাংশ পয়েন্টে চার নম্বরে আছে বাংলাদেশ। ১২ ম্যাচে মাত্র দুই জয় নিয়ে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ২০.৮৩ শতাংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো অবস্থান ধরে রাখতে এই সিরিজে দুই ম্যাচেই জিততে চাইবে বাংলাদেশ। এরপর কঠিন পরীক্ষা দক্ষিণ আফ্রিকায়। নির্বাচকদের ভাবনায় বেশি গুরুত্ব পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম