Logo
Logo
×
   

Advertisement

খেলা

আসিয়ানে বেশি আশা করতে বারণ ডুলির

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আসিয়ানে বেশি আশা করতে বারণ ডুলির

Advertisement

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ মালয়েশিয়া, স্বাগতিক ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর সব দিক দিয়ে অনেক এগিয়ে। ফিফা র‌্যাংকিংয়ে ইন্দোনেশিয়া ১১৮, মালয়েশিয়া ১৩৬ ও সিঙ্গাপুর ১৪৮তম স্থানে রয়েছে। বাংলাদেশের অবস্থান ১৮১তম। এ বাস্তবতার নিরিখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মার্কিন কোচ থমাস ডুলি আসিয়ান কাপে বেশি কিছু আশা করতে অনিচ্ছুক। অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘আমরা শুধু খেলার জন্য খেলব না। নিজেদের সামর্থ্যরে স্বাক্ষর রাখব।’

শনিবার রাতে বাংলাদেশ দলের ইন্দোনেশিয়ায় উড়াল দেওয়ার কথা। তার আগে ঢাকায় সংবাদ সম্মেলনে ডুলি বলেছেন, ‘রাতারাতি উন্নতি হয় না। কোচিং স্টাফরাও তাৎক্ষণিকভাবে বদলে দিতে পারেন না খেলার ধরন।’ তার মন্তব্য, ‘আমাদের কাছে এই আশা করা উচিত নয় যে, আমরা মাঠে নামব এবং প্রতিপক্ষ দলগুলোকে হারিয়ে দেব। এটা সম্পূর্ণ অবাস্তব।’ ডুলি বাংলাদেশ দলের প্রস্তুতির ঘাটতিও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর তিন দলই আসিয়ান কাপের জন্য গত কয়েক মাসে চার-পাঁচটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছে। ছয় থেকে আট সপ্তাহ ধরে দলের সবাই একসঙ্গে আছেন। অথচ, সান মারিনো ম্যাচের পর বাংলাদেশের স্থানীয় খেলোয়াড়দের অধিকাংশই দুই মাসের বেশি সময় ধরে দলের সঙ্গে অনুশীলন করেননি।

ইন্দোনেশিয়ার প্রসঙ্গ টেনে বাংলাদেশ দলের কোচ বলেন, ‘ওদের ছয় থেকে সাতজন খেলোয়াড় জার্মানি, নেদারল্যান্ডস ও ইতালিতে ইউরোপিয়ান লিগে খেলে। সেই তুলনায় বাংলাদেশ জাতীয় দলের কোনো পুল গড়ে ওঠেনি, যেখানে বিদেশি লিগে খেলা উল্লেখযোগ্য সংখ্যক ফুটবলার আছে।’

জামাল ভূঁইয়া জানান, ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসে উজবেকিস্তান, থাইল্যান্ড ও কাতারের মতো শক্তিশালী দলের গ্রুপে থেকেও বাংলাদেশ শেষ ষোলোয় উঠেছিল। কাতারের বিপক্ষে তার গোলে এসেছিল ঐতিহাসিক জয়। তাই এবারও শুধু অংশগ্রহণের জন্য যাওয়া, একথা মানতে নারাজ জামাল। তার লক্ষ্য পরের রাউন্ড। ‘শুধু অংশ নিতে এসেছি, এমন মানসিকতা নিয়ে মাঠে নামা যায় না। প্রত্যাশা থাকবেই, স্বপ্নও থাকতে হবে,’ বলেছেন অধিনায়ক। অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণের ছিটকে পড়া বাড়িয়েছে দুশ্চিন্তা। হামজা চৌধুরী ছাড়া ইউরোপিয়ান ফুটবলের অভিজ্ঞতাও বাংলাদেশ দলে আর কারও নেই।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম