এশিয়ান গেমস
সেমিফাইনালে ইমরানুর
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নাগোয়ার মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামের গ্যালারিতে আলো জ্বলেছে, ট্র্যাকজুড়ে নেমেছে এশিয়ার দ্রুততম হওয়ার স্বপ্ন। কয়েক সেকেন্ডের অপেক্ষা। বৃহস্পতিবার জাপানের স্থানীয় সময় রাত ৮টা ৪৮ মিনিটে ষষ্ঠ হিট শেষ হওয়ার পর বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের মুখে স্বস্তির হাসি। পুরুষদের ১০০ মিটারের প্রথম রাউন্ডে ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে হিটে চতুর্থ হয়েছেন তিনি। প্রতিটি হিটের প্রথম তিনজনের মধ্যে না থাকলেও, ছয়জন সেরা টাইমিং করাদের মধ্যে রয়েছেন ইমরান।
সেই ছয় দ্রুততমের একজন হিসাবে তিনি জায়গা করে নিয়েছেন সেমিফাইনালে।
ইমরানুরের হিটে মালয়েশিয়ার মোহাম্মদ ১০.১৭ সেকেন্ডে প্রথম, সিঙ্গাপুরের মার্ক ব্রায়ান লুইস ১০.৩৩ সেকেন্ডে দ্বিতীয় এবং চায়নিজ তাইপের ইয়াং চুন-হান ১০.৩৮ সেকেন্ডে তৃতীয় হন। ১০.৪৯ সেকেন্ডে চতুর্থ হওয়া ইমরানুর পরের রাউন্ডের টিকিট কেটেছেন। স্টেডিয়ামের ইলেকট্রনিক বোর্ডে তখন ভেসে উঠছে এশিয়ান স্প্রিন্টের ইতিহাস। বিশ্ব রেকর্ড ৯.৫৮ সেকেন্ড উসাইন বোল্টের, এশিয়ান রেকর্ড ৯.৮৩ সেকেন্ড চীনের সু বিংতিয়ানের এবং এশিয়ান গেমসের রেকর্ড ৯.৯২ সেকেন্ডও সেই সু বিংতিয়ানের। এই ট্র্যাকেই এখন বাংলাদেশের চোখ ইমরানুরের দিকে। প্রথম রাউন্ড পেরিয়ে তিনি পৌঁছে গেছেন সেমিফাইনালে। সামনে আরও কঠিন দৌড়। কঠিন প্রতিদ্বন্দ্বী। আসল পরীক্ষা এখন।
