Logo
Logo
×
   

Advertisement

সুরঞ্জনা

ক্রীড়াঙ্গনে নারীদের আলো-আঁধারির বছর

Advertisement

Icon

ওমর ফারুক রুবেল

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মহাকালের গর্ভে প্রবেশ করেছে আরও একটি বছর ২০২৫। গেল এক বছরে অন্যসব জায়গার মতো ক্রীড়াঙ্গনেও একটি বছর পাড়ি দিয়েছেন নারী ক্রীড়াবিদরা। তবে বছরটি অম্ল-মধুর বা আলো-আঁধারিতে কেটেছে তাদের।

গেল বছর প্রথমবারের মতো বাংলাদেশ নারী সিনিয়র ও অনূর্ধ্ব-২০ দল এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নেয়। মিয়ানমারে অনুষ্ঠিত বাছাই পর্বে স্বাগতিকদের হারিয়ে এশিয়া কাপ নিশ্চিত করে আফঈদা খন্দকারের নেতৃত্বধীন সিনিয়র নারী দল। লাওসে অনূর্ধ্ব-২০ দলও সেরা রানার্সআপ হয়ে এশিয়া কাপের মূল পর্ব নিশ্চিত করে। তার আগে ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এশিয়া কাপ নিশ্চিতের সুবাদে জুনে ফিফা র‌্যাঙ্কিংয়ে উলম্ফন ঘটে নারী ফুটবলারদের। এক লাফে ২৪ ধাপ উন্নতি করে বাংলাদেশ উঠে আসে ১০৪ নম্বরে।

জেনে রাখা ভালো, জাতীয় ফুটবল দলে এখন আর নেই সাফে দুবারের চ্যাম্পিয়ন অধিনায়ক সাবিনা খাতুন। জানুয়ারিতে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে জাতীয় নারী ফুটবল দলে আর জায়গা হয়নি সাবিনাসহ পাঁচজনের। তাহলে কোথায় খেলছেন তারা? সাত বছর পর পুনর্গঠিত হয়েছে দেশের নারী ফুটসাল দলও। হ্যাঁ, সাবিনা, কৃষ্ণাদের একটি অংশ এ ফুটসালেই খেলছেন। সাবিনাকে নারী ফুটসাল দলের অধিনায়ক করা হয়েছে।

কাবাডিতে দারুণ একবছর পার করেছে বাংলাদেশের মেয়েরা। ঘরের মাঠে অনুষ্ঠিত নারী কাবাডি বিশ্বকাপে ব্রোঞ্জ পদক জয় বছরের সেরা সাফল্যের একটি। এ ছাড়া মার্চে ইরানের তেহরানে অনুষ্ঠিত এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতে মেয়েরা। এর বাইরে যুব এশিয়ান গেমসে অনূর্ধ্ব-১৮ বালক এবং বালিকা উভয় দলই ব্রোঞ্জ পদক জিতে বছরটি সাফল্যে রাঙায়।

সৌদি আরবে অনুষ্ঠিত ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে ইতিহাস রচনা করেন বাংলাদেশের টেবিল টেনিসের পরিচিত মুখ উদীয়মান প্রতিভা খৈ খৈ সাই মার্মা। মিশ্র দ্বৈতে সতীর্থ জাবেদ আহমেদকে নিয়ে রুপা জেতেন তিনি। একই গেমসের উশু ইভেন্ট থেকে বাংলাদেশের শিখা খাতুন ৫৬ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ পদক জেতেন। ভারোত্তোলনে তিনটি ব্রোঞ্জ জেতেন মারিজয়া আক্তার ইকরা।

বছরের প্রান্তে দুবাইয়ে এশিয়ান ইয়ুথ প্যারা গেমস থেকে দুটি স্বর্ণপদক এনে দেন চৈতী রানী দেব। অ্যাথলেটিক্সের ১০০ মিটার স্প্রিন্ট ও জ্যাভলিন থ্রোয়ে দুটি স্বর্ণ জেতেন খর্বকায় এ নারী অ্যাথলেট। এ ছাড়া মেয়েদের হুইলচেয়ার বাস্কেটবল দল একটি ব্রোঞ্জ জেতে।

রানী হামিদ, শামীমা আক্তার লিজা এবং শারমিন সুলতানা শিরিনের পর এ বছরই দাবায় বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক মাস্টারের খেতাব অর্জন করেন ওয়াদিফা আহমেদ। এশিয়ান জোনালে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে এ কীর্তি গড়েন তিনি।

তবে নারী ক্রীড়াবিদদের এতসব আলোয় ভরা খবরের পেছনে অন্ধকার খবরও ছিল। ২০২৫ সালে অন্যতম আলোচিত ঘটনা ক্রীড়াঙ্গনে যৌন হয়রানি। ক্রিকেটার জাহানারা আলম কোচ মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে প্রথমে এ বিষয়ে অভিযোগ তোলেন। এরপর শুটিং থেকেও অভিযোগ ওঠে। শুটার এমার অভিযোগের ভিত্তিতে সাবেক শুটার শারমিন আক্তার রত্না, কামরুন নাহার কলির মতো সময়ের সেরা শুটাররা ফেডারেশনের যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবির পাশাপাশি তার অপসারণ চেয়ে মানববন্ধন করেন। এ বছর উন্নত জীবনের আশায় দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন দেশসেরা অন্যতম নারী আরচার দিয়া সিদ্দিকী।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম