জনপ্রিয় অভিনেতা এফএস নাঈম
|
ফলো করুন |
|
|---|---|
অভিনয়ে সুখ্যাতি অর্জন করেছেন বেশ আগেই। গায়ক হিসেবেও এক সময় দারুণ কিছু সময় কাটিয়েছেন। সম্প্রতি আবারও ফিরেছেন গান নিয়ে। নতুন গান প্রকাশ হয়েছে তার।
পাশাপাশি অভিনয় করছেন একক ও ধারাবাহিক নাটকে। অভিনয় ও গান নিয়ে সামনে আরও কাজ করার পরিকল্পনা করছেন এ তরুণ অভিনেতা।
সময়টা ১৯৯৬ সাল। কয়েকজন গানপ্রিয় তরুণ একসঙ্গে মিলে গঠন করেন একটি ব্যান্ড দল। নাম ‘আইরনিক ফেইথ’। এ ব্যান্ড নিয়ে তারা বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করেন।
এ ব্যান্ডের ভোকাল কাম ড্রামার হিসেবে কাজ করে গানপাগল মানুষের কাছে পরিচিত ও জনপ্রিয় হয়ে ওঠেন এফ এস নাঈম। পড়ালেখা আর গান নিয়ে সময়টা ভালোই কাটছিল।
এরপর কর্মজীবন শুরু হয়ে যায় নাঈমের। চ্যানেল আইতে ক্রিয়েটিভ অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশনে চাকরির সুযোগ পান। কিন্তু নিয়মিত না হলেও গান ছাড়েননি।
সেখানে কর্মরত থাকতেই ২০০৭ সালে হঠাৎ করেই নাটকে অভিনয়ের সুযোগ পান তিনি। অভিনেত্রী রোমানা রশীদ ঈশিতার পরিচালনায় ‘এক নিঝুম অরণ্য’ নাটকের মাধ্যমে অভিনয় করার শখটা পূরণ হয় নাঈমের। এরপর দীর্ঘ বিরতি। ২০১০ সালে খিজির হায়াত খানের পরিচালনায় ‘জাগো’ ছবিতে আবার অভিনয়ের সুযোগ পান।
এ ছবিতে তার সাবলীল অভিনয় দর্শকের চোখে পড়ে। নির্মাতারাও তাকে নিয়ে ভাবতে শুরু করেন। যার ফলে পরের বছর থেকেই শুধুই ব্যস্ততার গল্প।
শুরুর কিছুদিনের মধ্যেই চারপাশ থেকে শুভেচ্ছা আর উৎসাহ পেতে থাকেন এ অভিনেতা। পাল্টাতে থাকে নাঈমের ক্যারিয়ার প্ল্যান। অভিনয়ের জন্য ছেড়ে দেন চাকরি।
এ প্রসঙ্গে নাঈম বলেন, ‘আসলে অভিনয়ের জন্য চাকরি ছেড়ে দেয়ার সময়টা খুব সহজ ছিল না। কারণ আমি দীর্ঘসময় ধরে চাকরি করছিলাম। অভিনয় যে পেশা হিসেবে নেব, এমন ভাবনা মাথায় স্থায়ী করা ছিল সেই সময় খুব কঠিন একটি বিষয়। তারপরও অভিনয়ের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন অবশ্য অভিনয় ক্যারিয়ার নিয়ে হ্যাপি আছি।’
২০১১ সালের পর থেকে নাটক, টেলিফিল্ম, টেলিভিশন বিজ্ঞাপন সব মাধ্যমে তার সরব উপস্থিতির মাধ্যমে সবার নজর কাড়তে থাকেন। গল্প ও চরিত্রের ভিন্নতার কারণে অভিনয়েও নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছেন তিনি।
ধারাবাহিক নাটকে তুলনামূলক কম কাজ করলেও প্রায় সারা বছরই একক নাটকে তার উপস্থিতি দর্শকদের বিমোহিত করছে। বর্তমানে তিনি তপু খানের পরিচালনায় ‘সময়ের গল্প’ এবং রাকেশ বসুর পরিচালনায় ‘শেষ ভালো যার’ নামের দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটক দুটি যথাক্রমে আরটিভি ও বিটিভিতে প্রচার হচ্ছে।
এ ছাড়া ৫টি একক নাটকের শুটিংয়ে অংশ নিতে ৯ নভেম্বর নেপাল যাচ্ছেন এ অভিনেতা। তবে অভিনয় নিয়ে ব্যস্ত এ সময়ের মাঝে সেই পুরনো আবেগে আবারও আক্রান্ত হয়েছেন নাঈম।
সম্প্রতি তার গাওয়া ‘তোমাকে’ শিরোনামের একটি গান প্রকাশ হয়েছে ধ্রুব মিউজিক স্টেশন থেকে। এটির জন্যও প্রশংসিত তিনি। এ প্রসঙ্গে নাঈম বলেন, ‘গানের সঙ্গে আমার সম্পর্ক ছোটবেলা থেকে। গায়ক হওয়ার বাসনা থেকেই গান করি। অনেকখানি পথ পাড়ি দেয়ার পরও নানা কারণে আমাদের ব্যান্ড দলটিকে ধরে রাখতে পারিনি। তবে অভিনয়ে ব্যস্ত হলেও ব্যক্তিগতভাবে সব সময়ই গানের চর্চা করি। আমার নতুন গানটি প্রকাশ হয়েছে কিছুদিন আগে।
এটি প্রকাশের পর থেকে প্রচুর সংখ্যক শ্রোতা গানটি শুনেছেন। আমাকে উৎসাহিত করছেন। এর ফলে আরও কিছু নতুন গান প্রকাশের তাগাদা অনুভব করছি। নিয়মিত না হলেও প্রতি বছরই নতুন গান প্রকাশের পরিকল্পনা সাজিয়েছি।’
তবে গান নিয়ে ব্যস্ততা বাড়াতে না চেয়েও অভিনয়ের পরিসর বাড়ানো চিন্তা করছেন এ অভিনেতা। একটি সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। কিন্তু সেটি আলোর মুখ কবে দেখবে তা তিনি নিজেও জানেন না। আবারও এ মাধ্যমে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন।
তবে গৎবাঁধা গল্পের ছবিতে অভিনয়ের ইচ্ছা নেই তার। সব শ্রেণীর দর্শকের কথা মাথায় রেখে যেসব ছবি নির্মিত হয়, এমন ছবিতেই অভিনয় করতে চান তিনি।
এ প্রসঙ্গে নাঈম বলেন, ‘ছবিতে অভিনয় করতেই হবে, বিষয়টা এমন নয়। আমি নাটকেই ভালো আছি। তবে চলচ্চিত্র যেহেতু বড় মাধ্যম, এটার মাধ্যমে নিজেকে আরও বেশি উপস্থাপন করা যায়, তাই চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছা আছে। কিন্তু মানহীন কোনো ছবিতে অভিনয়ের ইচ্ছা নেই। বছরে কিংবা কয়েক বছর পরপর হলেও আমার কোনো আক্ষেপ নেই।’
