Logo
Logo
×

দশ দিগন্ত

ট্রাম্পকে কড়া ভাষায় সমালোচনা ওবামার

অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসন দপ্তরের অভিযানকে ‘স্বৈরতান্ত্রিক দেশের আচরণের’ সঙ্গে তুলনা করে নিন্দা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত কয়েক সপ্তাহ ধরে হাজারো ফেডারেল এজেন্ট ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) মিনেসোটায় ব্যাপক অভিযান ও গ্রেফতার কার্যক্রম চালান। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি ছিল, এসব অভিযান অপরাধীদের লক্ষ্য করে পরিচালিত হয়েছে। তবে চলতি সপ্তাহে অভিযানটি বন্ধ করা হয়।

ট্রাম্পের এমন নির্দেশের কড়া ভাষার সমালোচনা করে শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে ওবামা বলেন, ফেডারেল কর্মকর্তাদের আচরণ, যার মধ্যে দুটি প্রাণঘাতী গুলির ঘটনাও রয়েছে, এমন ধরনের আচরণ, ‘যা অতীতে আমরা কর্তৃত্ববাদী রাষ্ট্র ও স্বৈরতন্ত্রে দেখেছি।’ এএফপি।

তবে সাধারণ নাগরিকদের প্রতিরোধে তিনি আশার আলো দেখছেন বলে মন্তব্য করেন। তার ভাষায়, নাগরিকরা সংগঠিতভাবে বলছে, ‘এটা সেই আমেরিকা নয়, যেটিতে আমরা বিশ্বাস করি,’ এবং তারা সত্য, ক্যামেরা ও শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলছে।

ওবামা বলেন, তীব্র শীত উপেক্ষা করে সাধারণ মানুষের ধারাবাহিক প্রতিবাদ ‘আশা জাগায়’ এবং যতদিন এ ধরনের প্রতিরোধ থাকবে, ততদিন পরিস্থিতি থেকে উত্তরণের আশা থাকবে।

এদিকে ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিষয়ক কর্মকর্তা টম হোমান বৃহস্পতিবার মিনেসোটায় চালানো কঠোর অভিযানের সমাপ্তির ঘোষণা দেন। এ অভিযান বড় ধরনের বিক্ষোভ ও দেশজুড়ে ক্ষোভের জন্ম দিয়েছিল।

একই সাক্ষাৎকারে ওবামা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আলোচনায় শালীনতার অভাব নিয়েও সমালোচনা করেন এবং ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ও সাবেক ফার্স্ট লেডিকে নিয়ে প্রকাশিত বিতর্কিত একটি পোস্টের প্রতিক্রিয়াও জানান।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতিতে শালীনতা ও দায়িত্ববোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে প্রচারিত একটি বিতর্কিত ভিডিওকে ঘিরে তিনি এই মন্তব্য করেন। গত ৫ ফেব্রুয়ারি ট্রাম্পের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করা প্রায় এক মিনিটের একটি ভিডিও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনার জন্ম দেয়। ভিডিওটিতে ২০২০ সালের নির্বাচনে কারচুপির ষড়যন্ত্রতত্ত্ব তুলে ধরা হয়। শেষাংশে কয়েক সেকেন্ডের জন্য ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে বানরের শরীরের সঙ্গে মিলিয়ে দেখানো হয়, যা বর্ণবাদী ইঙ্গিত হিসাবে ব্যাপক নিন্দার মুখে পড়ে। এ বিষয়ে ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ না করে ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বক্তব্য এমন এক নিষ্ঠুর পর্যায়ে পৌঁছেছে, যা আগে দেখা যায়নি।

Takeover: SMC
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম