খামেনির সঙ্গে সংলাপে রাজি ট্রাম্প
পরমাণু ইস্যুতে সমঝোতা চায় তেহরান * ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপের আহ্বান রেজা পাহলভির
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে মুখোমুখি আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প অনেকবার বলেছেন, তার পছন্দ হলো ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো। এ লক্ষ্যে খামেনির সঙ্গে দেখা করতেও প্রস্তুত তিনি।’ এদিকে ওয়াশিংটন নিষেধাজ্ঞা তুলে দিলে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য তেহরান আপসের কথা বিবেচনা করতে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত-রাভানচি। রোববার বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। রয়টার্স, এনডিটিভি।
পারস্পরিক যোগাযোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে রুবিও বলেন, ‘আমি যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, যদি আয়াতুল্লাহ আলী খামেনি আগামীকাল বলেন যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান, তাহলে প্রেসিডেন্ট তার সঙ্গে দেখা করবেন।’ তিনি মনে করেন সরাসরি আলাপচারিতাই সমস্যার সমাধানের উপায়। সমস্যার সমাধান এভাবেই করতে হয়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরি মোতায়েন প্রসঙ্গে রুবিও বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। কারণ ইরানের হাতে পরমাণু অস্ত্র এলে তা যুক্তরাষ্ট্র, ইউরোপ অঞ্চল এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। তিনি আরও বলেন, ‘আমরা এই অঞ্চলে আমাদের বাহিনী রাখতে চাই, কারণ ইরান অতীতে এই অঞ্চলে মার্কিন স্বার্থের ওপর একাধিকবার আঘাত করেছে।’ এদিকে তেহরান বলেছে, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে তারা তার পারমাণবিক কর্মসূচির ওপর বিধিনিষেধ আরোপ নিয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে বারবার ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য প্রশ্নের সঙ্গে বিষয়টি যুক্ত করার বিষয়টি অস্বীকার করেছে দেশটি। তখত নিশ্চিত করেছেন, মঙ্গলবার জেনেভায় ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফা পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হবে। এর আগে চলতি মাসের শুরুতে ওমানে তেহরান এবং ওয়াশিংটনের আলোচনা হয়। এ প্রসঙ্গে মাজিদ তখত-রাভানচি বলেন, প্রাথমিক আলোচনা ইতিবাচক দিকে এগিয়েছে, তবে এখনও বেশ কিছু বিষয় নিয়ে অস্পষ্টতা রয়েছে।
এদিকে তেহরানে মার্কিন সামরিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বশেষ শাহের পুত্র ও নির্বাসিত বিরোধী নেতা রেজা পাহলভি। শনিবার এক সাক্ষাৎকারে তিনি মার্কিন প্রশাসনকে তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে দীর্ঘ আলোচনা না করারও আহ্বান জানান।
