Logo
Logo
×
   

দশ দিগন্ত

ভারতে ১৫ বিলিয়ন ডলারের প্রকল্প নিয়ে বিপাকে গুগল

ভয়াবহ পানি সংকটের আশঙ্কা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভারতে ১৫ বিলিয়ন ডলারের প্রকল্প নিয়ে বিপাকে গুগল

ভারতে গুগলের দেড় হাজার কোটি ডলার (১৫ বিলিয়ন) ডেটা সেন্টার প্রকল্প ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। দেশটির অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তমে নির্মাণাধীন এ প্রকল্প গুগলের এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগ। তবে পরিবেশবাদীদের অভিযোগ, প্রকল্পটি স্থানীয় পানির সংকট বাড়াতে পারে। সে সঙ্গে হুমকির মুখে পড়তে পারে বন্য প্রাণীর আবাসস্থল।

বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য ওঠে আসে। এতে বলা হয়, ওই প্রকল্পের জন্য পাহাড় কেটে জমি সমান করা হচ্ছে। নির্মাণকাজও চলছে জোরেশোরে। তবে পরিবেশবাদীদের একাংশ এর বিরোধিতা করছেন। তাদের দাবি, পানি ও পরিবেশের ঝুঁকি যথাযথভাবে মূল্যায়ন না করেই প্রকল্পটির দ্রুত অনুমোদন দেওয়া হয়েছে। এ নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশাখাপত্তমে বিক্ষোভও করেছেন কর্মীরা। ‘আমরা ডেটা পান করতে পারি না’-লেখা প্ল্যাকার্ড হাতে মিছিল করেন তারা। গুগলের লোগোতে হাতকড়া এঁকেও প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা।

পরিবেশবাদী সংগঠন গ্রিন বিশাখা-এর প্রতিষ্ঠাতা রাজা রাম মোহন রায় বলেন, উন্নয়ন অবশ্যই দরকার। তবে মানুষের জীবিকা ও মৌলিক চাহিদার বিনিময়ে নয়। তার দাবি, বিশাখাপত্তমে প্রতিদিন ৪৮০ মিলিয়ন লিটার পানির প্রয়োজন। অথচ সরবরাহ হয় মাত্র ৪১০ মিলিয়ন লিটার। এ প্রকল্পের ফলে এই সংকট আরও গভীর হবে। কারণ, এসব স্থাপনায় সার্ভার ঠান্ডা রাখতে বিপুল পরিমাণ পানি লাগে।

এদিকে নির্মাণস্থল থেকে কম্বালাকোন্ডা বন্য প্রাণী অভয়ারণ্যের দূরত্ব মাত্র ৮৬০ মিটার। পরিবেশবাদীদের আশঙ্কা, ভারী যন্ত্রপাতির শব্দ ও নির্মাণকাজের কারণে প্রাণীদের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্ধ প্রদেশ হাইকোর্টে ইতিমধ্যে একটি জনস্বার্থ মামলা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে, প্রকল্পটি কাছের জলাধারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। আগামী ২৪ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন আদালত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম