Logo
Logo
×

Advertisement

রাজধানীর খবর

শিল্পকলায় আষাঢ় সন্ধ্যায় নৃত্যের মুগ্ধতা

Advertisement

Icon

সাংস্কৃতিক রিপোর্টার

প্রকাশ: ০৪ জুলাই ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বৃষ্টিস্নাত সন্ধ্যায় বসেছে নৃত্যের নান্দনিক আসর। নানা মুদ্রা আর অভিব্যক্তির সঙ্গে নূপুরের নিক্কন ছড়িয়েছে মুগ্ধতা। ‘নৃত্যছন্দে আনন্দে আষাঢ় সন্ধ্যা’ শীর্ষক আয়োজনটিতে ছিল বিভিন্ন ধারার নৃত্যের সমারোহ। মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তনে যৌথভাবে এ নৃত্যানুষ্ঠানের আয়োজন করে নৃত্য সংগঠন স্পন্দন ও পল্লবী ড্যান্স সেন্টার।

পরিবেশনার পর্ব শুরুর আগে ছিল সংক্ষিপ্ত উদ্বোধনী আনুষ্ঠানিকতা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এ আয়োজনের উদ্বোধন করেন নৃত্যগুরু আমানুল হক, লায়লা হাসান, মীনু হক, অধ্যাপক আবদুস সেলিম ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছসহ নৃত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা।

উদ্বোধন পর্ব শেষে ‘চাঁদ উঠেছে ঐ গানের সঙ্গে’ দলীয় নৃত্য পরিবেশন করে খুদে শিল্পীরা। এরপর ‘বনের হরিণ আয়’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে স্পন্দনের শিশুশিল্পীরা। ‘ঝুমঝুম ঝুমরা নাচ নেচে কে এলো গো’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে পল্লবী ড্যান্স সেন্টার। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর কলাক্ষেত্রের শিল্পীরা পরিবেশন করে নৃত্যনাট্য ‘আমি সে রমণী নহি’। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ও নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র দুটি চরিত্র আশ্রয়ে অরিন্দম ব্যানার্জীর নির্দেশনায় নৃত্যনাট্যটিতে অংশ নেন রূপসা চক্রবর্তী, চন্দ্রিকা ব্যানার্জী, অন্তরা মজুমদার, সারদা সিনহা, অমিত বোল, অনুরাগ ব্যানার্জী, রৈনাথ দত্ত ও রঞ্জন মহাজন। এছাড়া নাচের এই আসরে আরও নৃত্য পরিবেশন করে স্বপ্নবিকাশ কলা কেন্দ্রের শিল্পীরা।

শিমু দে ও অভয়া দত্তের রবীন্দ্রসঙ্গীতের অ্যালবামের প্রকাশনা : দুই শিল্পীর কণ্ঠে ধারণ করা হয় রবীন্দ্রসঙ্গীতের সুধা। সেটাই সিডি আকারে দুই মোড়কে প্রকাশ হল। বেঙ্গল ফাউন্ডেশন নিবেদিত অ্যালবাম দুটোর মধ্যে শিমু দের কণ্ঠে ধারণ অ্যালবামটির শিরোনাম ‘তোমায় আমায় মিলে’। আর অভয়া দত্তের গাওয়া অ্যালবামটির শিরোনাম ‘আলোক মালার সাজে’।

মঙ্গলবার সন্ধ্যায় রবীন্দ্রসঙ্গীতের এই জোড়া সঙ্গীত সংকলনের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় ধানমণ্ডির ছায়ানট মিলনায়তনে। অ্যালবাম মোড়ক উন্মোচন আনুষ্ঠানিকতায় অতিথি ছিলেন লেখক ও সাংবাদিক আনিসুল হক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রোভিসি ড. ফকরুল আলম। মোড়ক উন্মোচন শেষে শিমু দে ও অভয়া দত্ত গেয়ে শোনান অ্যালবাম দুটিতে প্রকাশিত গানগুলো। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

আটটি গান নিয়ে সংকলিত হয়েছে ‘তোমায় আমায় মিলে’ অ্যালবামটি। এই গানগুলো হল- ‘পুরানো জানিয়া চেয়ো না’, ‘কেন আমারে পাগল করে যাস’, ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কে বসিলে আজি হৃদয়াসনে’, ‘আমি তোমায় যত শুনিয়েছিলেম গান’, ‘যাবার বেলা শেষ কথাটি যাও বলে’, ‘ফুল বলে, ধন্য আমি মাটির পরে’ ও ‘তোমার হল শুরু, আমার হল সারা’। অ্যালবামটির যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন হিমাদ্রী শেখর। ‘আলোক মালার সাজে’ অ্যালবামটিও সংকলিত হয়েছে আটটি গান। এগুলো হল- ‘আমি যে আর সইতে পারি নে’, ‘বাজিল, কাহার বীণা মধুর স্বরে’, ‘আজি এ নিরালা কুঞ্জে’, ‘বাজাও রে মোহন বাঁশি’, ‘ওগো কিশোর, আজি তোমার দ্বারে’, ‘দূরদেশি সেই রাখাল ছেলে’, ‘দিন শেষের রাঙা মুকুল জাগল চিতে’, ও ‘আমার একটি কথা বাঁশি জানে’।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভবনের ত্রুটি সংস্কার করে ভূমিকম্প ঝুঁকি হ্রাস করা হবে: রাজউক চেয়ারম্যান

ভবনের ত্রুটি সংস্কার করে ভূমিকম্প ঝুঁকি হ্রাস করা হবে: রাজউক চেয়ারম্যান

কাভার্ডভ্যানের ধাক্কায় তেজগাঁওয়ে বাইক চালক নিহত

কাভার্ডভ্যানের ধাক্কায় তেজগাঁওয়ে বাইক চালক নিহত

কিশোরীর অভিনব ছিনতাইয়ের ফাঁদ

কিশোরীর অভিনব ছিনতাইয়ের ফাঁদ

বন্যার অজুহাতে পণ্যমূল্য বৃদ্ধি ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম