|
ফলো করুন |
|
|---|---|
বল টেম্পারিং কেলেঙ্কারিতে গত কয়েকদিনে অস্ট্রেলিয়া দলের ওপর দিয়ে রীতিমতো ঝড় বয়ে গেছে। মাঠের বাইরে বিপর্যস্ত অসিদের জন্য মাঠের খেলায় মনোযোগ দেয়াটাই কঠিন চ্যালেঞ্জ। তারপরও দুঃসময়কে পাল্টা জবাব দেয়ার তাড়না থেকে ভাঙাচোরা দল নিয়েই লড়াই চালিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। শুক্রবার জোহানেসবার্গে শুরু হওয়া সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে টস হেরে বোলিংয়ে নেমে শুরুতে নিজেদের হারিয়ে খুঁজলেও দিনের শেষ সেশনে ঘুরে দাঁড়ায় তারা। ওপেনার এইডেন মার্করামের অনবদ্য সেঞ্চুরিতে দুই উইকেটেই ২৪৭ রান তুলে ফেলেছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কিন্তু ৭১তম ওভারে পরপর দুই বলে মার্করাম ও ফাফ ডু প্লেসিকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে লড়াইয়ে ফেরান প্যাট কামিন্স।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৭৭ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ২৮১। এবি ডি ভিলিয়ার্স ৬০ ও টেম্বা বাভুমা ১২ রানে ব্যাট করছিলেন। সিরিজের দ্বিতীয় ও ক্যারিয়ারের চতুর্থ টেস্ট শতক তুলে নেয়া মার্করাম ফিরেছেন ১৫২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে।
বল বিকৃতির ঘটনায় স্টিভ স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট নিষিদ্ধ হওয়ায় শেষ টেস্টের একাদশে তিনটি পরিবর্তন আনতেই হতো অস্ট্রেলিয়াকে। এরমধ্যে চোটের থাবায় ছিটকে যান পেসার মিচেল স্টার্ক। দলের এমন দুঃসময়ে তিন উইকেট নিয়ে কামিন্সই আলোর রেখা দেখালেন অস্ট্রেলিয়াকে। এএফপি।
