রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম
কক্সবাজারের শরণার্থী শিবিরে ত্রাণের জন্য রোহিঙ্গাদের ভিড়। ছবি: রয়টার্স
|
ফলো করুন |
|
|---|---|
২০১৭ সালে সামরিক অভিযানে ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিপ্রায়ের প্রমাণ পেয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৯ সালে দায়ের করা মামলায় গাম্বিয়া অভিযোগ করেছিল, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে।
নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ রায় দেন। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়নের মুখে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন।
তিন ঘণ্টাব্যাপী রায় পাঠের সময় আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, প্রমাণে দেখা গেছে, মিয়ানমারের বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে।
তিনি বলেন, ‘আদালত দেখতে পেয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা করেছে এবং বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা চালিয়েছে।’
তিনি আরও বলেন, নির্দিষ্ট কিছু ঘটনায় মিয়ানমার ‘গণহত্যার অভিপ্রায়’ নিয়ে কাজ করেছে।
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে মামলাটি করে। দেশটি অভিযোগ করেছিল, মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। গাম্বিয়া আইসিজের কাছে আবেদন জানায়, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে বলে রায় দেওয়া হোক। একই সঙ্গে রোহিঙ্গাদের লক্ষ্য করে চালানো সব ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে এবং গণহত্যার জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করতে মিয়ানমারকে নির্দেশ দেওয়ার আবেদনও জানায় দেশটি।
অন্যদিকে মিয়ানমারের দাবি, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) যোদ্ধারা পুলিশের বিভিন্ন পোস্টে হামলা চালানোর পরিপ্রেক্ষিতে তারা ওই অভিযান পরিচালনা করেছিল।
আইসিজে বলেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ব্যাপক নৃশংসতার প্রমাণ থেকে ‘একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত’ হলো, রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর একটি ‘উল্লেখযোগ্য অংশকে’ নিশ্চিহ্ন করার অভিপ্রায় ছিল তাদের।
আদালত আরও বলেন, সামরিক অভিযানে সশস্ত্র বেসামরিক নাগরিকদের অংশগ্রহণের সময় মিয়ানমারের গণহত্যার ঝুঁকি সম্পর্কে জানা উচিত ছিল। এ কারণে ‘গণহত্যা প্রতিরোধে মিয়ানমার তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে’।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে এখনো ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশের কক্সবাজারের বিস্তীর্ণ শরণার্থীশিবিরে রয়েছেন ১২ লাখ রোহিঙ্গা।
সংঘাত, মানবিক সহায়তা কমে যাওয়া এবং ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে যাতায়াতের কারণে এই জনগোষ্ঠীর অনেক মানুষ এখনো বাস্তুচ্যুত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। সূত্র: আল জাজিরা

