সাংবাদিকদের বিএনপি নেতা
ডাকসু ও জাকসু নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম
এজেডএম জাহিদ হোসেন। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে- এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুলেল শ্রদ্ধা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতা জাহিদ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছাত্র সংসদের যে নির্বাচন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এটি নিয়ে প্রশ্ন উঠছে। গতকালকে (১১ সেপ্টেম্বর) যে জাকসু নির্বাচন হয়েছে সেখানে শুধু ছাত্রদলের কথা কেন বলেন- সেখানে বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী, এমনকি শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে। কাজেই আমার বক্তব্য থাকবে অত্যন্ত সুস্পষ্ট। দেশের মানুষ ২০০৯ এ ভোট দিতে পারেন নাই। ২০১৪-এ ভোটারবিহীন নির্বাচন হয়েছে, ২০১৮-এ দিনের ভোট রাতে হয়েছে, ২০২৪-এ আমি-ডামি নির্বাচন হয়েছে। কাজেই বাংলাদেশের মানুষ নির্বাচনি ব্যবস্থার প্রতি আস্থা রাখতে চায়।’
তিনি নির্বাচন আয়োজনকারী সংশ্লিষ্টদের প্রতি আহ্বান রেখে বলেন, ‘এমন কোনো নির্বাচন আয়োজন করা যাবে না, যা নিয়ে প্রশ্ন উঠবে বা মানুষ দ্বিধাগ্রস্ত হবে অথবা নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বী দলগুলো সরে যাবে।’
উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া ডাকসু নির্বাচনে ভিপি ও জিএস পদে শিবিরের দুই প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এবার ভিপি ও জিএসসহ ১২টি সম্পাদকীয় পদের মধ্যে নয়টি জিতে নিয়েছে জামায়াতে ইসলামীর এই সহযোগী সংগঠনটি।
আর জাকসুতে গতকাল (১১ সেপ্টেম্বর) ভোটগ্রহণ শেষ হওয়ার দেড় ঘণ্টা আগে বিকাল সাড়ে ৩টার দিকে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল। তাদের অভিযোগ, ভোটকেন্দ্র মনিটর করার জন্য জামায়াত নেতার কোম্পানি থেকে টেলিকাস্টসহ ভিডিও ক্যামেরা সাপ্লাই দিয়ে সিসি টিভির দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে পুরো ভোটকেন্দ্র শিবিরকে মনিটর করার সুযোগ দেওয়া হয়েছে।
