Logo
Logo
×

বিএনপি

সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য কুরআন-সুন্নাহভিত্তিক জীবনযাপন অপরিহার্য: খন্দকার মোশাররফ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৮:৪৬ পিএম

সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য কুরআন-সুন্নাহভিত্তিক জীবনযাপন অপরিহার্য: খন্দকার মোশাররফ

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, কুমিল্লা-১ আসনের এমপি, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য কুরআন ও সুন্নাহভিত্তিক জীবন পরিচালিত করা অপরিহার্য। ইসলাম ধর্ম আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামি অনুশাসনের ৫টি স্তম্ভের মধ্যে অন্যতম হচ্ছে, দীর্ঘ এক মাস রোজা রাখা বা সিয়াম সাধনা করা। 

শনিবার (২১ মার্চ) দাউদকান্দি উপজেলা কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজের আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, পবিত্র সিয়াম সাধনার সংযম, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা সবার হৃদয়ে ধারণ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। সিয়াম সাধনার মহিমান্বিত শিক্ষা বছরের বাকি ১১মাস আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে হবে। তাহলেই আমরা মহান আল্লাহর নৈকট্য লাভে সক্ষম হব।

খন্দকার মোশাররফ বলেন, কুরআনের নির্দেশনা ও নবী মুহাম্মদ (স.) এর প্রদর্শিত পথ থেকে মানুষ বিচ্যুত হওয়ায় আজকে সমাজে হানাহানি, ঝগড়া ফ্যাসাদ, অশান্তি বেড়েই চলছে। সমাজে স্থিতিশীলতা ও শান্তিময় পরিবেশ ফিরিয়ে আনতে ইসলামি অনুশাসন মেনে জীবন পরিচালিত করার জন্য তিনি সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। 

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রীমকোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেন, আমাদের জীবন পরিচালিত হতে হবে পবিত্র কুরআনের নির্দেশনা ও মহানবী (স.)-এর সুন্নাহ অনুযায়ী। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। 

পরে দাউদকান্দি উপজেলার নিজ গ্রাম গয়েশপুরে বাবা ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসভবন 'শান্তির নীড়' এ সমবেত সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন খন্দকার মারুফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা একেএম শামসুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূইয়া, যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার, সদস্য সচিব কাউসার আলম সরকার, যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন, মাহবুব হোসেন হিরণ, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবউদ্দিন ভুঁইয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রোমান খন্দকার, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান লিমন প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম