Logo
Logo
×
   

বিএনপি

যেখানে যাবেন পাটওয়ারীকে বাদ রেখে যান: এনসিপিকে রাশেদ খান

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০২:৪৫ পিএম

যেখানে যাবেন পাটওয়ারীকে বাদ রেখে যান: এনসিপিকে রাশেদ খান

রাশেদ খান ও নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান এনসিপি নেতাদের উদ্দেশ্য করে বলেছেন, আপনারা যেখানেই যাবেন অন্তত নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ রেখে যান। বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আপনাদের সহযোগিতা করব।

শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

রাশেদ খান বলেন, এনসিপি ঝিনাইদহে এসে নাসীরুদ্দীন পাটওয়ারী থেকে শুরু করে তাদের নেতারা, হাসনাত আব্দুল্লাহরা একের পর এক গালিগালাজ করেছেন। এটা কিন্তু ঝিনাইদহ জেলাবাসী সহ্য করবে না। আমি তাদের স্পষ্ট বলতে চাই- আপনারা বিরোধী দলে আছেন, রাজনীতি করছেন, আমরা আপনাদের সহযোগিতা করব। কিন্তু এই নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো যারা রয়েছে তাদের নিয়ে বিভিন্ন জেলায় যাবেন আর আপনারা মনে করবেন যে সেখানকার যারা ভোটার বা জনগণ ক্ষুব্ধ হবে না, সেটি কিন্তু হতে পারে না। 

তিনি বলেন, আপনারা যেখানেই যাবেন অন্তত নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ রেখে যান। বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আপনাদের সহযোগিতা করব।

এনসিপি নেতাদের উদ্দেশে রাশেদ খান বলেন, তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত সহনশীল, আন্তরিক এবং বিনয়ী। আমাদের অপজিশনে এই মুহূর্তে যারা আছে, আমি মনে করি প্রধানমন্ত্রীর যে আচরণ, আন্তরিকতা, সেখান থেকে তাদের অনেক কিছু শেখার আছে। 

এর আগে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জেলা প্রশাসক মো. নোমান হোসেন ও জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদের নেতৃত্বে জেলা শহরের পায়রা চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় পুরাতন কালেক্টরেট চত্ত্বরে শেষ হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .