Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে টিসি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০২:১৯ পিএম

বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে টিসি

ছবি: সংগৃহীত।

Advertisement

বিবাহিত শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন না করার নির্দেশনা দিয়েছে রাজধানীর হলি ক্রস কলেজ। শুধু তাই নয়, কলেজে অধ্যয়নরত অবস্থায় কোনও শিক্ষার্থীর বিয়ে হলে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে হলি ক্রস কলেজ এসব শর্তের কথা জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিবাহিতদের আবেদন করার প্রয়োজন নাই। সেশন চলাকালীন সময়ে কারও বিয়ে হলে তাকে টি.সি. দেওয়া হবে।’ এছাড়া নিয়মিত ও ব্যবহারিক ক্লাসে উপস্থিতি, কলেজ নির্ধারিত ইউনিফর্ম পরিধান, শরীরচর্চা এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। কলেজে মোবাইল ফোন আনা ও ব্যবহারও সম্পূর্ণ নিষিদ্ধ। এসব বিষয়ে কারও আপত্তি থাকলে আবেদন না করার কথাও বলা হয়েছে। 

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমতি নিয়ে নিজস্ব প্রক্রিয়ায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করবে হলি ক্রস কলেজ। এসএসসিতে প্রাপ্ত জিপিএ ও লিখিত সিলেকশন টেস্টের ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। 

বিজ্ঞান বিভাগে আবেদনের জন্য এসএসসিতে জিপিএ ৫ পাওয়ার শর্ত দেওয়া হয়েছে। একই সঙ্গে এসএসসিতে উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয় থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদনের জন্য জিপিএ ৪ থেকে ৫ এবং মানবিক বিভাগে জিপিএ ৩ থেকে ৫ পাওয়ার যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। 

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রেও আলাদা শর্ত রয়েছে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ ৪ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা মানবিক বিভাগে আবেদন করতে পারবে। আর বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪ দশমিক ২৫ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবে। 

আগামী ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। আবেদন শেষে ভর্তিচ্ছুদের সিলেকশন টেস্টে অংশ নিতে হবে। 

মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সিলেকশন টেস্ট ১০ সেপ্টেম্বর এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৫ সেপ্টেম্বর দুপুর ১টার পর। 

কলেজে বিজ্ঞান বিভাগে ৭৮০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৮০টি এবং মানবিক বিভাগে ২৭০টি আসন রয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে অনলাইনে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে ভর্তির সুযোগ বাতিল হবে। 

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে পাওয়া যাবে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম