জাকসু ভিপির সঙ্গে ছাত্রলীগ কর্মীর কথোপকথন ফাঁস, তদন্তের দাবি ছাত্রশক্তির
Advertisement
জাবি প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার সভাপতি জিয়াউদ্দিন আয়ান। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ জিতুর সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীর কথোপকথন এবং ক্যাম্পাসে রিকশাচালক, দোকানি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তা ও গড়িমসিরও সমালোচনা করেছে সংগঠনটি।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স রুমে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার সভাপতি জিয়াউদ্দিন আয়ান।
সংবাদ সম্মেলনে সম্প্রতি গ্রেফতার হওয়া ছাত্রলীগ কর্মী আসাদুল আলম শেখের সঙ্গে জাকসু ভিপি আব্দুর রশিদ জিতুর যোগাযোগের বিষয়টি বিশেষভাবে তুলে ধরে ছাত্রশক্তি। সংগঠনটির দাবি, আসাদুলের সঙ্গে জিতুর বেশ কিছু কথোপকথন ও চ্যাটের তথ্য সামনে এসেছে। এর একটি বার্তায় জিতুকে আসাদুলকে বলতে দেখা যায়, ‘আমি ভিপি হওয়া মানে তুই ভিপি, তোরা ভিপি।’
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হল থেকে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী আসাদুল আলম শেখকে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, আসাদুলের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষক আরাফ বেবী এবং জাকসু ভিপির কথোপকথনের তথ্য সামনে এসেছে। এসব তথ্যের সত্যতা যাচাই করে সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের আওতায় আনার দাবি জানান তারা।
এ সময় বলা হয়, আমরা অভিযোগের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করতে চাই না। ডিজিটাল তথ্য, চ্যাট ও অন্যান্য প্রমাণ আইনানুগভাবে যাচাই করে সত্য উদ্ঘাটন করতে হবে।
এ সময় আরও বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্গঠন বা রাজনৈতিক পুনর্বাসনের কোনো সুযোগ থাকা উচিত নয়। অভিযোগ তদন্তে সত্যতা পাওয়া গেলে আসাদুল, জাকসু ভিপিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে জাকসু ও হল সংসদের ভিপিদের বিরুদ্ধে ক্যাম্পাসের রিকশাচালক, দোকানি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগও তোলা হয়।
ছাত্রশক্তির নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অর্থ আদায়ের ক্ষেত্র হতে পারে না। সাংগঠনিক বা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
কারা অর্থ আদায় করছে, কোন পরিচয় বা ক্ষমতা ব্যবহার করছে এবং সেই অর্থ কোথায় যাচ্ছে—এসব বিষয় তদন্তের মাধ্যমে স্পষ্ট করার দাবি জানান তারা। একই সঙ্গে চাঁদাবাজি বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষার্থীদের আবাসন সংকটের মধ্যেই জাকসু ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের হলে বিশেষ সুবিধায় থাকার বিষয়ে জারি করা প্রজ্ঞাপন বাতিলের দাবিও জানানো হয়।
এছাড়া পদোন্নতি বোর্ডের রেজুলেশনে অসংগতির অভিযোগ এবং ফজিলাতুন্নেছা হলের ভিপি ঐশী সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রশাসনের পক্ষ থেকে কমিটি গঠনের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করে ছাত্রশক্তি।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রশাসনের এমন নিষ্ক্রিয়তা ও দায়সারা অবস্থান গ্রহণযোগ্য নয়। দ্রুততম সময়ের মধ্যে সব অভিযোগের সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করতে হবে।

-6aa18684b9a5f.jpg)