Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

ছাত্রদল নেতার উদ্যোগে ঢাবিতে ৫০তম বিসিএস প্রার্থীদের মক ভাইভা

Advertisement

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ এএম

ছাত্রদল নেতার উদ্যোগে ঢাবিতে ৫০তম বিসিএস প্রার্থীদের মক ভাইভা

ছবি: যুগান্তর

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিতে সহায়তার লক্ষ্যে ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে মক ভাইভা ও গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) মাস্টারদা সূর্যসেন হলে এ আয়োজন করা হয়। হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামিউল আমিন গালিবের উদ্যোগে এবং হল প্রশাসনের সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের চূড়ান্ত মৌখিক পরীক্ষার প্রস্তুতি আরও কার্যকর করা, ভাইভা-ভীতি দূর করা এবং আত্মবিশ্বাস বাড়ানোর উদ্দেশ্যে বিশেষ এ সেশনের আয়োজন করা হয়েছে।

সূর্যসেন হলের আবাসিক শিক্ষক ড. মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মক ভাইভায় প্রশাসন ও পুলিশ ক্যাডারের কর্মকর্তারা বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এতে ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার অপেক্ষায় থাকা হলের আবাসিক শিক্ষার্থীরা অংশ নেন।

সেশনে অংশগ্রহণকারীদের বাস্তব ভাইভা বোর্ডের পরিবেশের সঙ্গে পরিচিত করা হয়। একই সঙ্গে তাদের উপস্থাপনশৈলী, যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস, সমসাময়িক বিষয়ে ধারণা এবং প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার কৌশল নিয়ে পরামর্শ দেন বোর্ডের সদস্যরা। মৌখিক পরীক্ষায় পোশাক, আচরণ, শিষ্টাচার ও মানসিক প্রস্তুতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

সামিউল আমিন গালিব বলেন, হলের শিক্ষার্থীদের পড়াশোনা ও ক্যারিয়ার প্রস্তুতিতে আরও মনোযোগী এবং গতিশীল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামি, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিক মন্ডল, আহ্বায়ক সদস্য মো. কাউসার আল মাহমুদসহ হল শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, চূড়ান্ত মৌখিক পরীক্ষার আগে এমন মক ভাইভায় অংশ নেওয়ায় বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বেড়েছে। নিজেদের দুর্বলতাগুলো চিহ্নিত করে প্রস্তুতি আরও সুসংগঠিত করার সুযোগও তৈরি হয়েছে। হলের অন্য শিক্ষার্থীরাও ক্যারিয়ার গঠনে এমন আয়োজনকে ইতিবাচক বলে উল্লেখ করেন।

মক ভাইভা শেষে অংশগ্রহণকারীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। স্মারক উপহার হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয় টাই ক্লিপ।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম