Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

জাকসুর এক বছরে ৩৩৮ কর্মসূচি, ব্যয় সাড়ে ৩ কোটি টাকা

Advertisement

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম

জাকসুর এক বছরে ৩৩৮ কর্মসূচি, ব্যয় সাড়ে ৩ কোটি টাকা

জাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: যুগান্তর

Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) দায়িত্ব পালনের এক বছরে ৩৩৮টি কর্মসূচি বাস্তবায়ন করেছে। এসব উন্নয়ন ও শিক্ষার্থী কল্যাণমূলক কার্যক্রমের আর্থিক মূল্য প্রায় ৩ কোটি ৫২ লাখ টাকা। তবে বিশ্ববিদ্যালয় থেকে জাকসু পেয়েছে প্রায় ১৮ লাখ টাকা। বাকি অর্থের বড় অংশ এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও ফার্মের স্পনসরশিপ এবং সহযোগিতা থেকে। 

রোববার (২০ সেপ্টেম্বর) বিকালে জাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাকসুর সদ্য সাবেক সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল হাসান।

জাকসুর তথ্য অনুযায়ী, গত এক বছরে সভা-সেমিনার, প্রশিক্ষণ, আবাসিক হলের সুযোগ-সুবিধা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা, গবেষণা, ক্যারিয়ার উন্নয়ন, পরিবহণ ও সাংস্কৃতিক কার্যক্রমসহ বিভিন্ন খাতে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

ফেরদৌস আল হাসান বলেন, ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর জাকসুর নির্বাচিত প্রতিনিধিরা শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন ফার্মের সহযোগিতা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। 

তিনি বলেন, অনেক বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও বাজেট সংকটের কারণে প্রত্যাশিত সমাধান পাওয়া যায়নি। পরে স্পনসরশিপ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হয়।

জাকসুর দেওয়া হিসাব অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার আধুনিকায়নে প্রায় ২৫ লাখ টাকা ব্যয় হচ্ছে। ২১টি আবাসিক হলে ডেস্কটপ কম্পিউটার সেটআপ ও টেবিল সরবরাহে ব্যয় হয়েছে প্রায় ১১ লাখ ৩৫ হাজার টাকা। হলগুলোতে গরম ও ঠান্ডা পানির সুবিধাসহ আধুনিক ফিল্টার স্থাপনে ব্যয় হয়েছে প্রায় ৭ লাখ টাকা। প্রতিটি হলে বুস্টার স্থাপনে ব্যয় হয়েছে প্রায় ১ লাখ ৪৭ হাজার টাকা। এ ছাড়া ১৬টি আবাসিক হল ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে ধর্মীয় পাঠাগার স্থাপনে প্রায় ৮ লাখ ৮৯ হাজার টাকা ব্যয় হয়েছে।

শিক্ষার্থীদের বিভিন্ন সেবা সহজ করতে ‘টিউটর হাব’ ওয়েবসাইট তৈরিতে ৪৫ হাজার টাকা, ‘জাবি’ ওয়েবসাইটে ৫০ হাজার টাকা এবং রক্তদানবিষয়ক ওয়েবসাইট তৈরিতে ৩৫ হাজার টাকা ব্যয় হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাসে ট্র্যাকার মেশিন স্থাপন ও বাস ট্র্যাকিং ব্যবস্থা চালু করতে প্রায় ২ লাখ টাকা ব্যয় হয়েছে। তবে স্পনসরশিপের কারণে এ খাতে জাকসুর প্রকৃত ব্যয় কমেছে। জাকসুর নিজস্ব ওয়েবসাইট তৈরিতেও ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। এটিও স্পনসরনির্ভর বলে জানিয়েছে জাকসু।

ক্যারিয়ার ও উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে ‘ক্যারিয়ার পাথ অ্যান্ড হায়ার এডুকেশন এক্সপো’ আয়োজন করা হয়। এতে দুই হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন। কর্মসূচিটির আর্থিক মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা হলেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এতে কোনো অর্থ ব্যয় করা হয়নি। ‘ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো’তে অংশ নেন প্রায় ২ হাজার ৫০০ শিক্ষার্থী। কর্মসূচিটির আর্থিক মূল্য প্রায় ৪ লাখ টাকা। এর বিপরীতে জাকসু থেকে দেওয়া হয় ২৫ হাজার টাকা।

দুই ধাপে বিনামূল্যে আইইএলটিএস কোর্সে ৭০০-এর বেশি শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। প্রথম ধাপে ৩০০-এর বেশি এবং দ্বিতীয় ধাপে প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেন। কোর্স দুটির আর্থিক মূল্য যথাক্রমে প্রায় ৩ লাখ ও ৪ লাখ টাকা। তবে এসব কর্মসূচিতে জাকসুর কোনো অর্থ ব্যয় হয়নি। 

বেসিক কম্পিউটার কোর্সে প্রায় এক হাজার এবং ‘অ্যাডভান্স কম্পিউটার স্কিল ফর একাডেমিক ইউজ’ কোর্সে এক হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন। কোর্স দুটির আর্থিক মূল্য যথাক্রমে প্রায় ৫ লাখ ১৫ হাজার ও ২ লাখ টাকা। ‘ফ্লুয়েন্ট ফিউচার ল্যাঙ্গুয়েজ কোর্স’-এ ইংরেজি, জাপানি ও সফট স্কিল বিষয়ে ৬০০-এর বেশি শিক্ষার্থী প্রশিক্ষণ পেয়েছেন। এ কর্মসূচির আর্থিক মূল্য প্রায় ১২ লাখ টাকা। ‘নেক্সট জেনারেশন রিসার্চ মেথডোলজি কোর্স উইথ রিসার্চ প্রজেক্ট’-এ বিজ্ঞান, আইবিএ, ব্যবসা এবং কলা ও সামাজিক বিজ্ঞান শাখার প্রায় ৪৫০ শিক্ষার্থী অংশ নেন। এ কর্মসূচির আর্থিক মূল্য প্রায় ১৬ লাখ টাকা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাকসুর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বড় পরিসরে জব ফেয়ার আয়োজন করা হয়েছে। এতে প্রায় ৭ হাজার শিক্ষার্থী অংশ নেন। কর্মসূচিটির আর্থিক মূল্য প্রায় ১৬ লাখ টাকা। বিভিন্ন প্রতিষ্ঠানের স্পনসরশিপের কারণে জাকসুর নিজস্ব ব্যয় ছিল প্রায় ১ থেকে দেড় লাখ টাকা। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা দিতে ‘মেন্টাল হেলথ ফ্রি কাউন্সেলিং ক্যাম্প’ আয়োজন করা হয়। এতে ৮০০-এর বেশি শিক্ষার্থী সেবা নেন। প্রায় ২০ জন চিকিৎসক এতে অংশ নেন। কর্মসূচিটির আর্থিক মূল্য ছিল প্রায় ৯ লাখ ৭৮ হাজার টাকা। শিক্ষার্থীদের বিনোদনের জন্য বিশ্ববিদ্যালয়ের তিনটি স্থানে বিশ্বকাপ ফুটবল ম্যাচ বিনামূল্যে দেখানোর ব্যবস্থা করা হয়। জাকসুর হিসাবে এ আয়োজনের আর্থিক মূল্য প্রায় ৩৮ লাখ টাকা। এ ছাড়া ‘জাগরণ’ ও জাকসুর ম্যাগাজিন প্রকাশে পৃথকভাবে প্রায় ২ লাখ টাকা করে ব্যয় হয়েছে। জিমনেশিয়াম আধুনিকায়ন প্রকল্পেও ৫ লাখ টাকার স্পনসর সংগ্রহ করা হয়েছে। নারী শিক্ষার্থীদের জন্য সাত দিনব্যাপী সাইকেল ও স্কুটি প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্রায় ৫৫০ জন নারী শিক্ষার্থী অংশ নেন। স্পনসরের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হলেও সংবাদ সম্মেলনে স্পনসর প্রতিষ্ঠানের আর্থিক অবদানের পূর্ণাঙ্গ পরিমাণ জানানো হয়নি।

ফেরদৌস আল হাসান বলেন, দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের সরাসরি উপকারে আসে—এমন প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বরাদ্দের পাশাপাশি স্পনসরশিপ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাবির নতুন উপাচার্য নুরুল ইসলাম

জাবির নতুন উপাচার্য নুরুল ইসলাম

ছাত্রদল নেত্রী ইকরাকে দল  থেকে বহিষ্কার

ছাত্রদল নেত্রী ইকরাকে দল থেকে বহিষ্কার

জাবির ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, হচ্ছে না বিভাগীয় পর্যায়ে

জাবির ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, হচ্ছে না বিভাগীয় পর্যায়ে

জাকসুর জিএসের নাম থাকায় নামফলক প্রত্যাহার

জাকসুর জিএসের নাম থাকায় নামফলক প্রত্যাহার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের সময় জানালেন উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের সময় জানালেন উপাচার্য

রাষ্ট্রপতির সঙ্গে জাবি উপাচার্যের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে জাবি উপাচার্যের সাক্ষাৎ

আরও পড়ুন

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম