থাপ্পড়ে সহপাঠীর কান ফাটানো সেই যবিপ্রবি শিক্ষার্থী বহিষ্কার
Advertisement
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১১:০২ পিএম
জুয়েল আল ইমরান
|
ফলো করুন |
|
|---|---|
থাপ্পড় দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী জুয়েল আল ইমরানের কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত তানভীরুল হককে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী।
বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গত ২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হল ও তৎসংলগ্ন এলাকায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও শৃঙ্খলাবিরোধী ঘটনায় তানভীরুল হকের বিরুদ্ধে ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুয়েল আল ইমরানকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গুরুতর আহত করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।
এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশ এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।
আদেশে আরও বলা হয়, বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে এবং বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বহাল থাকবে।
সাময়িক বহিষ্কার চলাকালে তানভীরুল হক বিশ্ববিদ্যালয়ের কোনো একাডেমিক ক্লাশ, পরীক্ষা বা প্রাতিষ্ঠানিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।
