বদলে গেছে এইচএসসির ফল জানার পদ্ধতি, নতুন নিয়ম জেনে নিন
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১১:০২ এএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেশের ১১টি শিক্ষাবোর্ডে পাশের হার ৫২.১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন।
এর মধ্য দিয়ে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থীর প্রায় আড়াই মাসের অপেক্ষার অবসান ঘটেছে। গত ২ জুলাই শুরু হয়েছিল ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরে এসব পরীক্ষা নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও শেষ হয়।
ফল প্রকাশের অনুষ্ঠান উদ্বোধনের সঙ্গে সঙ্গেই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে ফলাফল পাওয়া যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ফলাফলের শিট ডাউনলোড করতে পারবে। পাশাপাশি পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন।
যেভাবে ফল জানা যাবে
শিক্ষা বোর্ডগুলো প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটের Result কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে হবে। এরপর তা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রকাশ করা যাবে।
পরীক্ষার্থীরাও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া শিক্ষা বোর্ডগুলোর অভিন্ন ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।
মুঠোফোনে এসএমএসে ফল জানার নিয়ম
এবার এইচএসসি পরীক্ষার ফল জানতে এসএমএস পাঠানোর নম্বর পরিবর্তন করেছে শিক্ষা বোর্ড। আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে বার্তা পাঠিয়ে ফল জানা গেলেও এবার ২০২৬ সালে নতুন নম্বর নির্ধারণ করা হয়েছে ১৬১৪০।
যেকোনো মুঠোফোন থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল জানা যাবে। এ জন্য বার্তার ঘরে HSC লিখে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে নির্ধারিত নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
পুনঃনিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আরও জানিয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিসে ফলাফলের কোনো কপি পাওয়া যাবে না। ফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী ফলাফলে অসন্তুষ্ট হলে পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন।
আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে এ আবেদন গ্রহণ করা হবে। আবেদনপ্রক্রিয়া ও এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
