Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

নর্থ সাউথের সমাবর্তনে শিক্ষা উপদেষ্টা

গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে ছাত্র-জনতার অভ্যুত্থান সফল হবে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৫০ পিএম

গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে ছাত্র-জনতার অভ্যুত্থান সফল হবে

ছবি: সৌজন্য

Advertisement

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে ছাত্র-জনতার এ অভ্যুত্থান সফল হবে। এজন্য অন্তর্বর্তী সরকার একটি সুন্দর আদর্শ গণতান্ত্রিক দেশে রূপান্তর করার চেষ্টা করছে। তিনি বলেন, আমাদের শিক্ষাব্যবস্থায় এবং দেশের শাসনব্যবস্থায় মেধাতন্ত্রকে বহু বছর ধরে সবচেয়ে অবমূল্যায়ন করা হয়েছে। একই সময়ে আমরা আমাদের সাধারণ নৈতিকতার মানকেও অধঃপতিত করেছি। 

রাজধানীর পূর্বাচলে শনিবার বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২৫তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের পক্ষে সমাবর্তনে অংশ নেন তিনি। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ। বক্তৃতা করেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

সমাবর্তনে ৮ হাজার ১৯ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান করা হয়। এ সময় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ২০ জন মেধাবী শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক ও ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হয়। 

ওয়াহিদউদ্দিন মাহমুদ গ্রাজুয়েট শিক্ষার্থীদের বলেন, দেশের এমন পরিস্থিতিতে আপনারা বিশেষ অভিনন্দন প্রাপ্য। কারণ আপনারা সব প্রতিক‚লতা অতিক্রম করে দেশের অন্যতম প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিগ্রি নেওয়ার সৌভাগ্য অর্জন করেছেন।

গ্রাজুয়েট শিক্ষার্থীদের উদ্দেশে সমাবর্তন বক্তা গোয়েন লুইস বলেন, বাংলাদেশ এখন চ্যালেঞ্জের সম্মুখীন। এ চ্যালেঞ্জ মোকাবিলা করা ও ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাওয়া নির্ভর করছে আপনাদের ওপর। আগামী প্রজন্মকে আশা, সম্মান এবং সাম্যের আলোকবর্তিকা হিসাবে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আপনাদের।

এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানান এবং তাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও দৃঢ়তার প্রশংসা করেন। 

উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ে তুলতে আমাদের অভিন্ন দায়িত্বের কথা আমি স্মরণ করিয়ে দিচ্ছি। এই ডিগ্রি নিয়ে, আপনারা কেবল স্নাতক নন, পরিবর্তনের এজেন্ট, শ্রেষ্ঠত্বের দূত এবং এনএসইউর মিশনের মশাল বহনকারী।

অনুষ্ঠানে স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক একেএম ওয়ারেসুল করিম, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন এবং স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র এ সময় উপস্থিত ছিলেন।

সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন। তবে আইনি জটিলতায় বোর্ড অব ট্রাস্টিজের চারজন জ্যেষ্ঠ সদস্য সমাবর্তনে উপস্থিত ছিলেন না। তারা হলেন-এমএ কাশেম, রেহানা রহমান, বেনজীর আহমেদ ও মোহাম্মদ শাহজাহান।

Advertisement

নর্থ সাউথ ইউনিভার্সিটি শিক্ষা উপদেষ্টা

Advertisement

আরও পড়ুন

জবির ফটকে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক

জবির ফটকে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক

দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন পেলেন ৩৩৯ প্রভাষক

দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন পেলেন ৩৩৯ প্রভাষক

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ফেব্রুয়ারিতে

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ফেব্রুয়ারিতে

পূর্বঘোষিত সময়েই ঢাবির ভর্তি পরীক্ষা, কয়েক বিভাগে শর্ত শিথিল

পূর্বঘোষিত সময়েই ঢাবির ভর্তি পরীক্ষা, কয়েক বিভাগে শর্ত শিথিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম