পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ফেব্রুয়ারিতে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম
ইউজিসিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলন করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা আগামী বছরের ফেব্রুয়ারি থেকে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগে জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে। বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচিতে সমন্বয় এবং শিক্ষার্থীদের একাধিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
তিনি বলেন, সভায় আলোচনার ভিত্তিতে আগামী জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ এবং ফেব্রুয়ারি থেকে পরীক্ষা আয়োজনের বিষয়ে সর্বসম্মত ও সমন্বিত সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে পরীক্ষার তারিখ নির্ধারণ ও ঘোষণা করবে।
ইউজিসি চেয়ারম্যান বলেন, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় কম। ২০২৫ সালে সাত লাখের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হলেও এবার এ সংখ্যা ছয় লাখের কিছু বেশি। এ বছর উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করায় অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি। এসব শিক্ষার্থীর জন্য উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষার আয়োজন করা হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এসব পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এরপর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হবে। পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রাখার জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, শিক্ষার্থীদের সুবিধা ও জাতীয় স্বার্থে তাদের ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষার তারিখে যেন সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা চাই, শিক্ষার্থীরা যেন একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়।
ভর্তি পরীক্ষা কিছুটা পিছিয়ে আয়োজন করা হলেও বিশ্ববিদ্যালয়গুলোর নিয়মিত একাডেমিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। এ ক্ষেত্রে ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
ভর্তি কার্যক্রমে বছরজুড়ে সমন্বয় নিশ্চিত করতে একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাবও সভায় আলোচনা হয়েছে। প্রস্তাবিত কমিটিতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা থাকবেন। কমিটি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি ও সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয়ে কাজ করবে। আগামী বছর থেকে আরও পরিকল্পিতভাবে আগাম ভর্তি কার্যক্রম শুরু করা যায় কি না, তা নিয়েও আলোচনা হয়েছে।
ভর্তি পরীক্ষার প্রশ্নপদ্ধতি পরিবর্তনের বিষয়েও উপাচার্যদের সঙ্গে আলোচনা হয়েছে। চলতি শিক্ষাবর্ষে গত বছরের মতোই বহুনির্বাচনি প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে এমসিকিউর পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্ন যুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
এ বিষয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীদের শুধু মুখস্থনির্ভর জ্ঞান নয়; বিষয়ভিত্তিক দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা ও সমস্যা সমাধানের যোগ্যতা যাচাই করা প্রয়োজন। একজন শিক্ষার্থী যে বিষয়ে উচ্চশিক্ষা নিতে চান, সে বিষয়ে তার মৌলিক জ্ঞান ও সামর্থ্য মূল্যায়নে গুরুত্ব দেওয়া দরকার। বিশ্ববিদ্যালয়গুলোর মতামত ও প্রস্তুতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণে জিপিএর বিষয়টিও যথাযথভাবে বিবেচনার জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এবং উচ্চশিক্ষায় বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সভায় জানানো হয়, দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষে ভর্তির জন্য আসন রয়েছে প্রায় ৬৩ হাজার। জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আসন রয়েছে ১০ লাখের বেশি। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আসন রয়েছে চার লাখের বেশি। এ বাস্তবতায় উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন জরুরি।
ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন ও নিজস্ব আইনগত ক্ষমতার প্রতি শ্রদ্ধা রেখেই ভর্তি কার্যক্রমে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ আইন ও বিধিবিধান অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। ইউজিসি এ ক্ষেত্রে সহযোগিতা ও সমন্বয়ের ভূমিকা পালন করবে। কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপিয়ে দেওয়া হবে না।
তিনি আশা প্রকাশ করেন, উপাচার্যদের পারস্পরিক সহযোগিতায় এবারের ভর্তি কার্যক্রম আরও সুশৃঙ্খল, সমন্বিত ও শিক্ষার্থীবান্ধব হবে। শিক্ষার্থীদের মূল্যবান সময়ের যথাযথ ব্যবহার এবং উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।


