রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি
Advertisement
রাজশাহী ব্যুরো ও রাবি প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৬ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৮ জানুয়ারি।
সোমবার (২ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। রোববার (১ নভেম্বর) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
চলতি বছরের এইচএসসি পরীক্ষার সামগ্রিক ফলাফল বিবেচনায় মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আবেদনের ন্যূনতম জিপিএর শর্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ জানুয়ারি বাণিজ্য অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি কার্যক্রম শুরু হবে। আগামী ৯ জানুয়ারি বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিট এবং ১৬ জানুয়ারি মানবিক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১২ নভেম্বর। আবেদন করা যাবে ২৭ নভেম্বর পর্যন্ত।
এদিকে আবেদনের যোগ্যতার ক্ষেত্রে মানবিক বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ করে থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬ দশমিক ৫০। গত শিক্ষাবর্ষে এ বিভাগের শিক্ষার্থীদের আবেদনের জন্য দুই পরীক্ষায় মোট জিপিএ ৭ পয়েন্ট থাকার শর্ত ছিল।
অন্যদিকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৭ পয়েন্ট থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এ বিভাগের শিক্ষার্থীদের আবেদনের জন্য মোট জিপিএর শর্ত ছিল ৭ দশমিক ৫০।
জানা গেছে, ব্যবসায় শিক্ষা অনুষদের বিভাগসমূহের শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিভাগের ক্ষেত্রেও জিপিএর শর্ত শিথিল করা হতে পারে বলে জানিয়েছেন অধ্যাপক ড. বেলাল হোসেন।
তিনি আরও বলেন, চলতি বছর এইচএসসি পরীক্ষার ফলাফল তুলনামূলক খারাপ হওয়ায় শিক্ষার্থীদের ভর্তির বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক ও বিজ্ঞান বিভাগের আবেদনের যোগ্যতা শিথিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যেন কোনো ধরনের ক্ষতির মুখে না পড়ে, সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
ভর্তি পরীক্ষার সময়সূচি প্রসঙ্গে অধ্যাপক বেলাল হোসেন জানান, ভর্তি পরীক্ষার তারিখের বিষয়ে ভর্তি উপ-কমিটির আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী সভাগুলোতে বিস্তারিত আলোচনা করে অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, চলতি বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেশের বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে।
