রাজধানীতে বাস উলটে হেলপারের মৃত্যু
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:১৯ এএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মহাখালী কাঁচাবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উলটে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসটির হেলপার মোহাম্মদ রফিকের (৩৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।
শনিবার (৬ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিক ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা। তিনি নুর আলমের ছেলে। আহতরা হলেন- মোহাম্মদ ফিরোজ (৪০) ও মোহাম্মদ রনি (২৫)।
জানা যায়, সকাল ৬টার দিকে নেত্রকোনা থেকে ছেড়ে আসা ‘ভাটি বাংলা’ পরিবহণের একটি বাস মহাখালী কাঁচাবাজার এলাকায় পৌঁছায়। সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি উলটে গিয়ে দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রফিকের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহত দুই যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাখালী আমতলী এলাকা থেকে বাস দুর্ঘটনায় আহত তিনজনকে ঢাকা মেডিকেলে আনা হয়। তাদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং অপর দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
