ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গত কয়েকদিনের বৃষ্টিতে ধুলা–দূষণ কমার আশা থাকলেও রাজধানী ঢাকার বাতাসে সেই স্বস্তির দেখা মেলেনি। বরং কয়েক দিন তুলনামূলক ভালো থাকার পর অবনতি হয়েছে ঢাকার বায়ুমানে। ১৫৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়।
সোমবার (২২ জুন) সকালে আইকিউএয়ারের সবশেষ সূচকে দেখা যায়, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) স্কোর ১৫৬। এই স্কোর অনুযায়ী রাজধানীর বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, যানবাহন থেকে নির্গত ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি এবং শিল্পকারখানার নির্গমন দীর্ঘদিন ধরে রাজধানীর বায়ুদূষণের প্রধান উৎস হিসেবে ভূমিকা রেখে আসছে। ফলে সাময়িক উন্নতি দেখা গেলেও দূষণ নিয়ন্ত্রণে টেকসই উদ্যোগের প্রয়োজনীয়তা এখনও রয়ে গেছে।
এদিকে, একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে থাকা ভারতের রাজধানী দিল্লির স্কোর ২২৭। এ ছাড়া, ১৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, আর ১৩৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর এবং পঞ্চম অবস্থানে থাকা ইসরাইলের তেল আবিবের স্কোর ১০৯।
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

