খিলগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু
Advertisement
যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৭:২২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের চাকায় কাটা পড়ে তন্ময় বর্মন আকাশ (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়িসংলগ্ন রেললাইনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তন্ময় ইনস্টিটিউট অব অ্যাপারেল রিসার্চ অ্যান্ড টেকনোলজির অ্যাডভান্সড গার্মেন্টস প্রোডাকশন অ্যান্ড লিন ম্যানেজমেন্ট কোর্সের শিক্ষার্থী ছিলেন।
নিহত তন্ময় বর্মন আকাশ গাজীপুর জেলার গাছা থানার বোর্ডবাজার এলাকার তাপস বর্মনের ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। নয় মাস আগে তিনি বিয়ে করেন।
ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জয়নাল আবেদীন যুগান্তরকে জানান, তন্ময় বর্মন গাজীপুরের নিজ বাসা থেকে বের হয়ে চাকরির পরীক্ষা সংক্রান্ত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে অংশ নিতে সকালে ঢাকায় আসেন। ট্রেনটি খিলগাঁও এলাকায় পৌঁছে গতি কমিয়ে দিলে তিনি চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন। এ সময় পা পিছলে রেললাইনে পড়ে গেলে তার দুটি পা লাইনে চলে যায়। এতে এক পা কেটে যায় এবং অপর পা থেঁতলে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে তাকে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
