রাজধানীতে পুলিশ কর্মকর্তার ওপর হামলা: তিনদিনে গ্রেফতার ৪
Advertisement
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৬ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান গনিকে ছুরিকাঘাতের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) বিকালে রাজধানীর মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা চারজনকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।
গ্রেফতাররা হলেন- শারীফ উদ্দিন বাবু (২১), নাজমুল হাসান (২৩), মো. ইমন (২৩) ও মো. জুয়েল (২২)। চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে হামলার কারণ ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর রোডে এ হামলার ঘটনা ঘটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইমিগ্রেশন শাখায় কর্মরত এসআই মো. ওসমান গনি স্ত্রী তানজিনা সীমা ও একমাত্র সন্তানকে নিয়ে বাজার করে বাসায় ফিরছিলেন। এ সময় পেছন থেকে এক দুর্বৃত্ত তার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পুলিশ সূত্র জানায়, ছুরিকাঘাতের পর গুরুতর আহত অবস্থাতেও হামলাকারীকে ধরার চেষ্টা করেন এসআই ওসমান গনি। তবে হামলাকারী পালিয়ে যেতে সক্ষম হয়।
আহত ওসমান গনিকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ছুরিকাঘাতে তার পিঠে ৪৫টি সেলাই লেগেছে বলে জানা গেছে।
ঘটনার পর এসআই ওসমান গনি নিজেই বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে বাসায় ফেরার সময় তার ওপর এ হামলার ঘটনা ঘটে।
এর আগে পুলিশ জানিয়েছিল, হামলার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে তখন নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর-আদাবর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, এটি ছিনতাইয়ের ঘটনা নয়; পূর্বশত্রুতার জেরে হামলা হয়ে থাকতে পারে। জড়িতদের গ্রেফতার করা গেলে হামলার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, ঘটনার সিসিটিভি ফুটেজে হামলার আগে তিন যুবককে এসআই ওসমান গনির সঙ্গে কথা বলতে এবং পরে তাদের দ্রুত দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে গ্রেফতার হওয়া চার আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হামলার নেপথ্যের কারণ এবং ঘটনার পূর্ণাঙ্গ তথ্য উদঘাটনের চেষ্টা করছে।
