ঢামেকে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান, ১১ জনের দণ্ড
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অভিযান চালিয়ে ১১ জন দালালকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৩। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে সাতজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং চারজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এসআরবি-৩-এর মেজর নাঈমের নেতৃত্বে বুধবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। তিনি এসআরবি ফোর্সেস সদর দপ্তর, কুর্মিটোলায় দায়িত্ব পালন করছেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে আলামিন (৩২) এক মাস, মোয়াজ্জেম (৫০) সাত দিন, ইমন (২৮) ১৫ দিন, সাদ্দাম (৩৫) তিন দিন, শহিদুল মোল্লা (৩৭) সাত দিন, সিফাত (২২) তিন দিন এবং হেলাল (৩২) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড পেয়েছেন।
অন্যদিকে মাহামুদুল (৩৯) ও আল শাহরিয়ার হোসেন বাপ্পিকে (৩০) পাঁচ হাজার টাকা করে, শাকিল (২২) তিন হাজার টাকা এবং নূরনবীকে (২৭) ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

