Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল, কর্মচারীকে মারধরের অভিযোগ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৯:২৩ পিএম

ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল, কর্মচারীকে মারধরের অভিযোগ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ফাইল ছবি

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোলের ঘটনায় এক চতুর্থ শ্রেণির কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের কর্মচারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) গত ২৮ জুলাই প্রজ্ঞাপন জারি করে ঢামেক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করেন। একই আদেশে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রশাসনিক কর্মকর্তা মো. মোজাম্মেল হককে ঢামেকে পদায়ন করা হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে সোমবার (১০ আগস্ট) আরেকটি প্রজ্ঞাপনে রেজাউল ইসলামের বদলি বাতিল করে তাকে ঢামেকেই বহাল রাখা হয়।

এর আগে মোজাম্মেলের পক্ষে কয়েকজন জুনিয়র চিকিৎসক রেজাউলের কক্ষে তালা লাগানোর চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় দায়িত্বে থাকা হানিফ নামে এক চতুর্থ শ্রেণির কর্মচারী বাধা দিলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হলে চতুর্থ শ্রেণির কর্মচারীরা জড়ো হয়ে প্রতিবাদ জানান। 

ঢামেক চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শিপন মিয়া বলেন, কর্মচারীর গায়ে হাত তোলা মেনে নেওয়া যায় না। এ ঘটনায় তারা হাসপাতাল পরিচালকের কাছে স্মারকলিপি দেবেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, সরকারি চাকরিতে বদলি একটি নিয়মিত বিষয়। সরকার প্রয়োজন অনুযায়ী যাকে খুশি বদলি করতে পারে। তবে ব্যক্তিস্বার্থে কেউ জোরপ্রয়োগ করলে তা মেনে নেওয়া যায় না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম